এজেন্ট বের করার প্রমাণ দিতে বললেন কাদের

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি অভিযোগ করেছে ১০০টি কেন্দ্র থেকে তাদের নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কিন্তু এ বিষয়ে বিএনপি কোনো তথ্য-প্রমাণ দিতে পারেনি। ১০০টি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে—এমন অভিযোগকে আমি চ্যালেঞ্জ করছি।’
আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কোন কোন এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিএনপি তথ্য-প্রমাণ দিক। তিনি বলেন, এখানে একটি ঘটনা ঘটেছে, সকালে সকালে ভোট শুরুর পর কিছু কিছু ভোটকেন্দ্রে বিএনপির এজেন্টরা তাদের কাগজপত্র দেখাতে পারেনি। এ কারণে প্রিসাইডিং কর্মকর্তারা ওই সব এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে দেননি। ১০০টি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার তথ্যটি ঠিক নয়।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বানচালে বিএনপি ষড়যন্ত্র করেছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বানচাল করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে বিএনপি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এবং গণমাধ্যমে এ বিষয়ে একটি ফোনালাপ প্রকাশ হয়েছে। সিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে বিএনপির কিছু লোককে নৌকার ব্যাজ লাগিয়ে নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। বিএনপির বিরুদ্ধে অভিযোগ দিয়ে তিনি বলেন, বিএনপির একজন কর্মী জাল ভোট দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে। এটাকে কী বলবেন?
নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া কেউ প্রশ্ন তোলেনি দাবি করে ওবায়দুল কাদের বলেন, সারা দিন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছে জনগণ। নির্বাচন বিতর্কিত হয়েছে, বিএনপি ছাড়া এ ধরনের মন্তব্য কেউ করেনি। তিনি অভিযোগ করেন, নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত বিএনপি তাদের ভাঙা রেকর্ড বাজাতে থাকে। অথচ এই নির্বাচনে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি, কোথাও কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। এসব দেখে বোঝা যায়, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। কাউন্সিলর প্রার্থীদের দ্বন্দ্বের কারণে ৪২৫টি কেন্দ্রের মধ্যে নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এখানে অন্য কোনো বিষয় কাজ করেনি। আওয়ামী লীগ কথা রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন নিয়ে সরকারের যেন কোনো বদনাম না হয়। নির্বাচনের ফল বিপক্ষে গেলেও মেনে নেওয়ার অঙ্গীকার ছিল আওয়ামী লীগের।
নির্বাচনের প্রাথমিক ফল দেখে আওয়ামী লীগের এই নেতা বলেন, গাজীপুরে দুটি কেন্দ্রের ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ফল এবং আরও কিছু কেন্দ্রের ফল দেখে বোঝা যাচ্ছে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হবেন। আওয়ামী লীগ গাজীপুরে বড় বিজয়ের আশা করছে। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন অর্জনের সোনালি ফসল এই বিজয়। এই ধারা জাতীয় নির্বাচনেও অব্যাহত থাকবে। জনগণ এখন উন্নয়ন, সাফল্য—এসব দেখে ভোট দেয়। আগামী জাতীয় নির্বাচনে জনগণ স্বাধীনতার আদর্শে, মুক্তিযুদ্ধের চেতনায় বিএনপিকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে আবারও জয়ী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নিজের নির্বাচনী আসন হওয়ায় সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও উপস্থিত ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।