এজেন্ট বের করে ব্যালট কেড়ে নেওয়ার অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ভোটকেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া ও চেয়ারম্যান পদের ব্যালট কেড়ে নিয়ে নৌকা মার্কায় সিল দেওয়ার অভিযোগ করা হয়েছে। তবে নির্বাচন কমিশন দাবি করেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

এদিকে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ তুলে বিএনপি প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে পুনর্নির্বাচন দাবি করেছেন।
গতকাল নির্বাচন শুরুর দুই ঘণ্টার মধ্যে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের (ইউপি) আবদুর রহমান, লতা ইউপির নাজমুল হক, জয়নগরের দুলাল ব্যাপারী, চরএককরিয়ার কামাল উদ্দিন আহম্মেদ, গোবিন্দপুরের আবদুল মোতালেব দেওয়ান, আলিমাবাদের মাইনুদ্দিন মৃধা ও শ্রীপুর ইউপির কাজী সাখাওয়াত হোসেন নিজ নিজ ইউনিয়নে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আওয়ামী লীগের প্রার্থী-সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তার, ব্যালট কেড়ে নেওয়াসহ নানা অভিযোগ তুলে পুনর্নির্বাচন দাবি করেছেন। পরে দলীয়ভাবে সংবাদ সম্মেলন করে একযোগে বর্জনের ঘোষণা দেওয়া হয়।

>কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ তুলে বিএনপি প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে পুনর্নির্বাচন দাবি করেছেন

গতকাল বেলা তিনটায় বরিশাল নগরে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ মেজবাহউদ্দিন ফরহাদ। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগের দুই দিন বিজিবি, র্যা বসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে হয়রানি করেছে। তারা ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে অবাধ নির্বাচনের পথ রুদ্ধ করে দিয়েছে। যার প্রভাব পড়েছে গতকালের নির্বাচনে। নির্বাচন শুরুর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ভোটারদের কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে নৌকা মার্কায় সিল দেন। তাই সাত ইউনিয়নের বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
বিএনপির প্রার্থী এবং সাধারণ ভোটাররা জানিয়েছেন, সকাল ১০টা পর্যন্ত ভোটার উপস্থিতি ভালোই ছিল। কিন্তু ভোটারদের কাছ থেকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ছিনিয়ে নেওয়া এবং নৌকা প্রতীকে সিল দেওয়ার কারণে উৎসাহ হারিয়ে ফেলে। এরপর ভোটার উপস্থিতি কমতে থাকে।
লতা ইউপির বিএনপি প্রার্থী নাজমুল হক প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘সকাল থেকেই আওয়ামী লীগের লোকজন আমাদের এজেন্ট বের করে দেয়। এ ছাড়া ভোটারদের কাছ থেকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট কেড়ে নেয়। এসব কারণে সকাল ১০টায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছি। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে অবৈধ পিস্তল নিয়ে প্রভাব খাটান সাবেক সেনা কর্মকর্তা মহসিন শিকদার।’
আন্ধারমানিক ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আজিমপুর আন্ধারমানিক দাখিল মাদ্রাসা কেন্দ্র, পূর্ব আন্ধারমানিক দাখিল মাদ্রাসা কেন্দ্র, মধ্য আজিমপুর এবং পশ্চিম আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রিসাইডিং কর্মকর্তারা তাদের সহযোগিতা দিয়েছেন। সেই কারণে নির্বাচন বর্জন করে পুনর্নির্বাচন দাবি করেছি।’
বিএনপির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘বিএনপির এজেন্ট বের করে দেওয়া কিংবা ব্যালট কেড়ে নেওয়ার কোনো ঘটনা দেখিনি। এমন অভিযোগ ভিত্তিহীন। তারা (বিএনপি) ঘরে বসে জিততে চায়। জিততে হলে তো লড়াই করতে হবে। তারা তো লড়াইয়ের মাঠেই নেই। কোথায় বসে নির্বাচন বর্জন করেছে তাও জানি না।’
এদিকে উপজেলার লতা ইউপির ১ নম্বর ওয়ার্ডের জিকে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করার অভিযোগে সেনাবাহিনীর সাবেক মেজর মহসিন শিকদারকে আটক করেছে পুলিশ। তিনি ভোটকেন্দ্র এলাকায় অবৈধভাবে ব্যবহার করা পিস্তল দিয়ে গুলি চালান। এ সময় পুলিশ তাকে পিস্তল ও ৪৩টি গুলিসহ আটক করে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ছোটখাটো ঘটনা ঘটে। লতা এবং আন্ধারমানিক ইউনিয়নে কিছুটা সমস্যা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় অস্ত্র, গুলিসহ একজনকে আটক করা হয়েছে। সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এজেন্ট বের করে দেওয়া, ব্যালট কেড়ে নেওয়া কিংবা নির্বাচন বর্জনের কোনো অভিযোগ পাইনি।’