এটা অন্ধকার যুগ: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষের আজ কথা বলার অধিকার নেই। কেউ প্রতিবাদ করলে তাঁকে আর পরের দিন পাওয়া যায় না। রাস্তায় নিথর দেহ পড়ে থাকে। কে কখন গুম, হত্যার শিকার হয়।
গতকাল রোববার দুপুরে কুমিল্লা টাউন হলে দক্ষিণ জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত দ্বিবার্ষিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।
অনুষ্ঠানে ক্ষুব্ধ এরশাদ প্রশ্ন করেন, ‘দেশ আজ কোথায় আছে? কী দেখছি? আমরা মানুষের পর্যায়ে নেই। আমরা কেউ মানুষের বিপদে এগিয়ে আসছি না। দেশে সুশাসন নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। মানুষের মনে ভয়। এখন এই ধরনের অত্যাচার থেকে মানুষ রক্ষা পেতে চায়।’ তিনি বলেন, ‘ইউনিভার্সিটিতে (বিশ্ববিদ্যালয়ে) শিক্ষকের গায়ে হাত দেয়। আমরা লজ্জায় মরে যাই। আমাদের সময়ে শিক্ষকদের স্যালুট করতাম। আমরা হিন্দুদের জমি দখল করিনি। এখন হাজার হাজার লীগ হয়েছে। তরুণ লীগ, শিশু লীগ। এটা অন্ধকার যুগ।’
এরশাদ বলেন, ‘১৯৯০ সালে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিলাম। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। মানুষ সুখে থাকবে। কিন্তু ছয় দিনের মধ্যে যে সাহাবুদ্দীনকে আমি শপথ পড়িয়েছি, তিনি আমাকে জেলে পাঠিয়ে দিলেন।’
কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাংসদ নুরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সাংসদ মো. আমির হোসেন ভূঁইয়া, বেগম রওশন আরা মান্নান ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এইচ এন এম শফিকুর রহমান।
বক্তব্যের পর এরশাদ কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা দেন। সভাপতি পদে তিনি সাংসদ নুরুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক পদে এইচ এন এম শফিকুর রহমানকে মনোনীত করেন।