এটা আন্দোলন নয়, সন্ত্রাস: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুব উল আলম হানিফ। ফাইল ছবি
মাহবুব উল আলম হানিফ। ফাইল ছবি

কুমিল্লায় সাতজন নিরীহ যাত্রীকে পুড়িয়ে মারার ঘটনাকে ‘সন্ত্রাস’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন আজ সকালেও কুমিল্লায় সাতজন নিরীহ যাত্রীকে পেট্রলবোমা দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। এটা আন্দোলন নয়, সন্ত্রাস। খালেদা জিয়াকে এখন বিএনপি নেত্রী নয়। সবাই জঙ্গিবাদী ও সন্ত্রাসী নেত্রী হিসেবে ভাবে।’ 

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ২০ দলের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে আয়োজিত সমাবেশে হানিফ এসব কথা বলেন। 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘পত্রিকায় পড়লাম আপনার ছেলে কোকো রহমানের সন্তানদের পরীক্ষার জন্য মালয়েশিয়া পাঠিয়ে দিয়েছেন। আপনার (খালেদা জিয়া) নাতির ভবিষ্যৎ নিয়ে আপনি বিচলিত, অথচ এ দেশের লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না। এতে আপনার লজ্জা হয় না।’

বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ‘কোনো এলাকায় সন্ত্রাসীর সংখ্যা হয়তো শূন্য দশমিক ১ শতাংশ থাকে। তাদের সংখ্যা ২০০-২৫০ জনের বেশি হয় না। কিন্তু যে দলের ৩০-৩২ শতাংশ সমর্থক রয়েছে, লাখ লাখ কর্মী রয়েছে, তারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তাহলে তাদের দমন করতে একটু সময় প্রয়োজন।’ তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘গ্রামে, পাড়া-মহল্লায় সন্ত্রাসীদের চিহ্নিত করতে হবে। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হাতে তুলে দিতে হবে।’
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ইউটিউবে প্রকাশিত খালেদা জিয়ার একটি ফোনালাপের বিষয়ে হানিফ বলেন, ‘ফোনের সংলাপে শোনা গেছে, ৫ জানুয়ারি চট্টগ্রামে সমাবেশের নামে নাশকতা চালানোর জন্য বিএনপির নেত্রী চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শাহাদাৎ​ হোসেনকে নির্দেশ দিয়ে​ছিলেন। তবে চট্টগ্রাম মহানগর সভাপতি আমীর খসরু এতে রাজি ছিলেন না। আমরা জানি, খসরু সাহেব একজন সজ্জন ব্যক্তি। এতে ক্ষিপ্ত হয়ে খালেদা জিয়া সভাপতিকে ডিঙিয়ে বিএনপি নেতা গোলাম আকবরকে ফোন করেছিলেন, বলেছিলেন খসরু সাহেব আন্দোলনে না নামলে তাকে রিমুভ করা হবে। এতেই প্রমাণিত হয় খালেদা জিয়া আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডের নির্দেশনা দিয়েছিলেন। এখনো নির্দেশনা দিচ্ছেন।’
সংগঠনের কার্যকরী সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী লীগ নেতা নারায়ণ দেবনাথ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি হাবিবুর রহমান প্রমুখ।