এটা একধরনের দাম্ভিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদবিরোধী বিএনপির জাতীয় ঐক্যের ডাক সরকার শুনছে না কেন?—এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘এটা হলো একধরনের দাম্ভিকতা যে আমরাই পারি। কিন্তু তারা পারে নাই। আগে এক-দুজন খুন হয়েছে, এখন একসঙ্গে ২০-২২ জন খুন হচ্ছে।’
গতকাল সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। গত রোববার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়। নজরুল ইসলাম খান বলেন, ‘জাতীয় ঐক্য ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে’ এবং ‘যাদের সাথে ঐক্য প্রয়োজন, তাদের সাথে ইতিমধ্যে ঐক্য হয়ে গেছে’, বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা জাতিকে হতাশ করেছে।
নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের বিপুল জনগোষ্ঠীর সমর্থনধন্য বিএনপিকে বাদ দিয়ে কীভাবে জাতীয় ঐক্য সম্ভব? কী করে সম্ভব অন্যান্য দেশপ্রেমিক দলকে বাইরে রেখে জাতীয় ঐক্য গড়া? প্রধানমন্ত্রী যে ঐক্যের কথা বলেছেন, তা সরকারে আসীন দলগুলোর, এমনকি মহাজোটেরও ঐক্য নয়। আর বিএনপিসহ অপরাপর রাজনৈতিক দলকে বাদ দিয়ে শুধু ক্ষমতাসীন ১৪-দলীয় ঐক্যপ্রক্রিয়াকে কীভাবে তিনি জাতীয় ঐক্যের কথা বলেন?’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান প্রমুখ।