এটা গণটিকার নামে গণতামাশা: এলডিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি

সরকার সোয়া কোটি ডোজ টিকা নিয়ে গণটিকা কর্মসূচি শুরু করেছে বলে অভিযোগ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রশ্ন তুলেছে, এটা গণটিকা নাকি গণতামাশা!

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ প্রশ্ন তোলেন।

বিবৃতিতে এলডিপির এই দুই নেতা বলেন, সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে। যেখানে সরকারি হিসাবমতে ২৬ কোটি ডোজ টিকা প্রয়োজন, সেখানে তারা সোয়া কোটি ডোজ টিকা নিয়ে গণটিকা নাকি গণতামশা শুরু করেছে, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। কারণ, গণটিকা কার্যক্রমের কয়েক দিনেই গণবিশৃঙ্খলা ও গণহতাশা তৈরি হয়েছে।

গণটিকার নামে সরকার নতুন এক নাটিকার মঞ্চস্থ করছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, প্রতিদিন এসব টিকাকেন্দ্রে হাজার হাজার মানুষ এসে লাইনে দাঁড়াচ্ছেন। কিন্তু কয়েক শ টিকা দেওয়ার পর বাকিদের ফেরত পাঠানো হচ্ছে। এর মধ্যেও আবার আওয়ামী কোটা আছে, ছাত্রলীগ-যুবলীগের কোটা আছে। সরকারের এ কর্মসূচি রীতিমতো সার্কাসে পরিণত হয়েছে।

এলডিপির দুই নেতা দাবি করেন, সরকারের ব্যর্থতা আড়াল করার চেষ্টা হিসেবেই গণটিকা নাটক। প্রয়োজনীয় প্রস্তুতি, জনবল নিয়োগ ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে এবং দলীয়করণের ফলে গণটিকাদান কর্মসূচি ব্যর্থ হচ্ছে।