২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তোফায়েল আহমেদ বলেছেন, সবারই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা উচিত। সহায়ক সরকার চাই, ওইটা মানি না—এ ধরনের কোনো দাবি কাজ হবে না। এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনারের মাধ্যমে ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলেও দাবি করেন তিনি।
বিএনপিকে উদ্দেশ করে তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অহেতুক ২০১৪, ২০১৩, ২০১৫ সালের মতো হরতাল, অবরোধ ও নাশকতা করে এবং মানুষ খুন করে লাভ হয় না। তিনি বলেন, ‘আশা করি, স্বাভাবিক অবস্থার মধ্যে দেশ চলবে। সব রাজনৈতিক দল আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।’
রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ের অ্যাপারেল ক্লাবে আজ শনিবার ‘ডিজিটাল আরএমজি ফ্যাক্টরি ম্যাপিং ইন বাংলাদেশ’ (ডিআরএফএম-বি) শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব, সিঅ্যান্ডএ বাংলাদেশের মহাব্যবস্থাপক শান্তনু সিনহা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্রের (সিইডি) উপদেষ্টা রহিম বি তালুকদার, ডিআরএফএম-বি প্রকল্পের পরিচালক পারভীন সুলতানা হুদা।
অনুষ্ঠানে জানানো হয়, ডিআরএফএম-বি প্রকল্পের অধীনে বাংলাদেশের সব পোশাক কারখানার সমন্বয়ে একটি ডিজিটাল মানচিত্র করা হবে। সেটিকে গুগল ম্যাপে সংযুক্ত করা হবে। এ ছাড়া প্রতিটি কারখানার বিস্তারিত তথ্য-কারখানার ভৌগোলিক অবস্থান, শ্রমিক সংখ্যা, কোন ধরনের পণ্য তৈরি হয়, কারখানা ভবনের ধরন, নিকটবর্তী হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন, ট্রেড ইউনিয়ন আছে কি নেই ইত্যাদি তথ্য থাকবে।
প্রকল্পটির মেয়াদ চার বছর। এটি সিঅ্যান্ডএ ফাউন্ডেশনের অর্থায়নে ও বিজিএমইএর সহায়তায় বাস্তবায়ন করবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (সিইডি)। এটি বাস্তবায়ন হলে পোশাকশিল্পের স্বচ্ছতা, জবাবদিহি ও স্থায়িত্ব বাড়বে বলে মন্তব্য করেন প্রকল্প পরিচালক পারভীন সুলতানা হুদা।