এটা বিচার বিভাগের স্বাধীনতার প্রমাণ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, তাঁকেসহ সরকারের দুই মন্ত্রীকে আদালতে তলব করার বিষয়টি বিচার বিভাগের স্বাধীনতার প্রমাণ।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে মন্ত্রী এই কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১৯ জন নারী মুক্তিযোদ্ধাকে (বীরাঙ্গনা) আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠান হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় সম্মাননা পাওয়া প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা, শাড়ি ও চাদর উপহার হিসেবে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘মীর কাসেম আলীর ফাঁসি হবে কি হবে না—আমার সন্দেহ হয়েছিল। ফাঁসি হয়েছে আমি অত্যন্ত আনন্দিত। আমি টেলিভিশনের স্ক্রলে দেখেছি আমাকে কোর্টে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি দেশে বিচার বিভাগের স্বাধীনতা আছে।’
মন্ত্রী বলেন, ‘আজ আমাকে, আমাদের মন্ত্রীকে কোর্ট বলেছে সরাসরি হাজির হওয়ার জন্য। আমি কোর্টে যাব, নিজের বক্তব্য তুলে ধরব। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে।’
অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীবউদ্দীন আহমেদের সভাপতিত্বে এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব দেওয়ান রাশিদুল হাসান, কার্যনির্বাহী সদস্য এ কে আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।