এটাই যেন কপালের লিখন হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী। প্রথম আলো ফাইল ছবি।
রুহুল কবির রিজভী। প্রথম আলো ফাইল ছবি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পৈশাচিক আক্রমণ, লাঠিপেটা ও নির্বিচারে গ্রেপ্তার—এটাই যেন কপালের লিখন হয়ে গেছে বিএনপির নেতা-কর্মীদের। আজও খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে শতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন তিনি।

আজ বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন। সরকারের ‘অন্যায় ও জুলুম-পীড়নের’ প্রতিবাদে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে রিজভী জানান।

রুহুল কবির রিজভী বলেন, ‘জাল নথির’ ওপর ভিত্তি করে একটি ‘মিথ্যা মামলায়’ খালেদা জিয়াকে আদালতে হাজির করা হচ্ছে। তাঁকে হয়রানিমূলকভাবে যখন আদালতে হাজির করা হয়, তখন স্বাভাবিকভাবে দলের নেতা-কর্মীরা তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য হাজির হয়। পৈশাচিক আক্রমণ, লাঠিপেটা এবং নির্বিচারে গ্রেপ্তার—এটাই যেন কপালের লিখন হয়ে গেছে বিএনপির নেতা-কর্মীদের। আজও খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অসংখ্য নেতা-কর্মী পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন।

আজ গ্রেপ্তার হওয়া নোতা-কর্মীদের নাম উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি রাজিয়া আলিম, ছাত্রদলের জনসংযোগবিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক আবদুল জব্বারসহ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পুলিশের হামলায় ৫০ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন।

এ ছাড়া বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন নবী খান সোহেলের বাসা ঘিরে রেখে তল্লাশি করেছে পুলিশ। গত রাতে বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুর বাসায় তল্লাশি করে বাসার সদস্যদের সঙ্গে পুলিশ দুর্ব্যবহার করেছে বলে জানান রিজভী।
খালেদা জিয়ার রায়ের বিষয়ে রুহুল কবির রিজভী বলেন, সরকারের ফরমান জারি করা বিচারের রায় মেনে নেওয়া হবে না। সরকারি ফরমানের ভিত্তিতে যদি রায় দেওয়া হয়, সেই রায় জনগণ প্রত্যাখ্যান করবে এবং সারা বাংলাদেশ প্রতিবাদে মুখর হয়ে উঠবে। এ সময় রিজভী নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেপ্তারের নিন্দা জানান এবং দ্রুত মামলা তুলে নেওয়ার আহ্বান জানান।
আগামী ৩ ফেব্রুয়ারি বিএনপির নির্বাহী কমিটির সভার বিষয়ে রিজভী বলেন, দলের চেয়ারপারসনের লিখিত সুপারিশ অনুযায়ী মহাসচিব নির্বাহী কমিটির সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন। তার আগে বৃহস্পতিবার ও শুক্রবার নির্বাহী কমিটির সদস্যদের পরিচয়পত্র দেওয়া হবে। ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর এই প্রথম নির্বাহী কমিটির সভা হবে। বসুন্ধরা এলাকায় নির্বাহী কমিটির সভা হওয়ার কথা থাকলেও বসুন্ধরা কর্তৃপক্ষ বুকিং বাতিল করেছে। এটি সরকারের কোনো সংস্থার নির্দেশনার কারণে হয়েছে।