স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয়ভাবে করার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের প্রতিক্রিয়ায় বিএনপি বলেছে, এটি একটি অসৎ পরিকল্পনা ছাড়া অন্য কিছু নয়। গতকাল সোমবার মন্ত্রিসভায় এ প্রস্তাব অনুমোদনের পর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ প্রতিক্রিয়া জানান।
আসাদুজ্জামান বলেন, এর মধ্য দিয়ে সরকার প্রমাণ করতে চেষ্টা করবে জাতীয় নির্বাচন বিরোধী দলগুলো বর্জন করলেও সব পর্যায়ের স্থানীয় নির্বাচনে তাদের প্রতি ‘তথাকথিত সমর্থন’ রয়েছে। এটি একটি অসৎ পরিকল্পনা ছাড়া অন্য কিছু নয়। তিনি বলেন, জাতীয় সংসদের মেয়াদ শেষ হলেও পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠান বা শপথ নেওয়ার আগ পর্যন্ত সংসদ সদস্যরা পদে বহাল থাকতে পারেন। কিন্তু মেয়াদোত্তীর্ণ হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। এটি সাংঘর্ষিক। এতে স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধি থাকার ধারাবাহিকতাও ক্ষুণ্ন হবে। এ অধ্যাদেশ জারি হওয়ার পর যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী হয়নি, সেসব প্রতিষ্ঠানে আগের নির্বাচিত মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলরদের পদে থাকার বৈধতার প্রশ্ন উঠবে।
বিএনপির এই নেতা দাবি করেন, মন্ত্রিসভা অনুমোদিত প্রস্তাব মোটেই বাস্তবসম্মত নয়। তিনি স্থানীয় সরকার-সংক্রান্ত নির্বাচনী আইন অধ্যাদেশ আকারে জারি করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান।
আসাদুজ্জামান বলেন, ‘উন্নত বিশ্বে দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন হয়। কিন্তু সেসব দেশে আমাদের দেশের মতো রাজনৈতিক অপচর্চা হয় না। বাংলাদেশে এই চিত্র বিপরীত। তাই এখানে দলীয় মনোনয়নে ও প্রতীকে স্থানীয় সরকারের সব নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্র ও সমাজ আরও বিভাজিত হয়ে পড়বে।’ তিনি একটি গবেষণা প্রতিবেদনের উল্লেখ করে দাবি করেন, বর্তমান অর্ধেক নারী জনপ্রতিনিধি দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের বিরোধিতা করেছেন। এর ফলে স্থানীয় সরকার নির্বাচনে নারীদের স্বতঃপ্রণোদিত অংশগ্রহণ কমবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, দলীয় পরিচয়ের কারণে সম্পত্তির ওয়ারিশ নির্ধারণ, নাগরিক সনদ ও চারিত্রিক প্রত্যয়নপত্রসহ দৈনন্দিন সাধারণ নাগরিক সুবিধা প্রাপ্তিতে নাগরিকদের ভোগান্তির আশঙ্কা থাকবে।