এটি কোনো নরম বা ভদ্রলোকের শান্তিপূর্ণ কর্মসূচি হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওদুদ আহমদ। ফাইল ছবি
মওদুদ আহমদ। ফাইল ছবি

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে। সেই কর্মসূচি হবে কঠোর কর্মসূচি। এটি কোনো নরম বা ভদ্রলোকের শান্তিপূর্ণ কর্মসূচি হবে না।

আজ শনিবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ এই মন্তব্য করেন।

মওদুদ আহমদ বলেন, ‘তাদের (সরকার) কোনো ভবিষ্যৎ নাই। কিছুদিন অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন।’ তিনি বলেন, উপযুক্ত সময়ে কর্মসূচি ঘোষণা করা হবে। সে পর্যন্ত দলের নেতা-কর্মীদের ধৈর্য ধরতে হবে।

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বিএনপির আন্দোলন করার বিষয়ে বিভিন্ন মন্তব্য করেন। এসব মন্তব্যের জবাবে বিএনপির আন্দোলন করার বিষয়ে মওদুদ আহমদ এ মন্তব্য করেন।

সাবেক মন্ত্রী মওদুদ আহমদ বলেন, কোনো ফ্যাসিবাদ সরকারকে, কোনো স্বৈরাচারী সরকারকে নিয়মতান্ত্রিক উপায়ে উৎখাত করা যায় না। পৃথিবীর কোথাও সম্ভব হয়নি, এ দেশেও অতীতে হয়নি। এ সময় তিনি আরও বলেন, সংবিধান মানুষের ঊর্ধ্বে নয়।

মাদকবিরোধী অভিযানে সারা দেশে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মওদুদ আহমদ। অভিযান বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, জাতিসংঘসহ বিভিন্ন সংগঠন থেকে এটা বন্ধের জন্য বলা হয়েছে। এমনকি ক্ষমতাসীন দলের বুদ্ধিজীবীরা বলছেন, এটা বন্ধ করা দরকার। এই অভিযানের আরেকটি দিক হচ্ছে, পুলিশের একটি অংশ বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। মামলা দেওয়ার, গুলি করে মারার ভয় দেখায়। এসব হলো মাদকবিরোধী অভিযানের আরেকটি বৈশিষ্ট্য।

বিএনপি নেতা মওদুদ বলেন, কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে নিয়ে সুচিকিৎসা দিতে হবে। তিনি এখন শারীরিকভাবে অসুস্থ।

আজ শনিবার বিকেল চারটার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য তাঁর ব্যক্তিগত চারজন চিকিৎসক কারাগারে গেছেন। গত মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে দাবি করেন, খালেদা জিয়া কারাগারে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তাঁর আত্মীয়রা দেখা করতে গিয়ে এ বিষয়ে জানতে পারেন। রুহুল কবির রিজভীর দাবি এবং দীর্ঘদিন থেকে খালেদা জিয়ার চিকিৎসার দাবির পরিপ্রেক্ষিতে আজ চিকিৎসকেরা কারাগারে গেলেন।

আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. মাসুক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।