গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বিএনপিকে পেট্রলবোমা ছোড়া বন্ধ করতে হবে। আর সরকারকে ইয়াহিয়া-আইয়ুবীয় শাসন বন্ধ করতে হবে। এটি গণতন্ত্র নয়, স্বৈরতন্ত্র। তিনি বলেন, ‘দেশে বর্তমানে সাংবিধানিক শাসন নেই, আমরা জনগণের ক্ষমতায়ন চাই।’
তাজরীন অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধস নিয়ে ‘লাখো শ্রমিকের বুকফাটা কান্না’ শীর্ষক বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে গতকাল শনিবার বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
কামাল হোসেন বলেন, ‘শ্রমিকদের ন্যায্য পাওনা না দিয়ে পোশাক খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়। মুখে মুক্তিযুদ্ধের চেতনা, আর শ্রমজীবী মানুষের জন্য অশ্রদ্ধা। এটি হতে পারে না।’
প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ।
অ্যাডভোকেট মাহবুবুর রহমান সম্পাদিত প্রকাশনাটিতে ১৯৯০ সাল থেকে পোশাকশিল্পে অগ্নিকাণ্ড ও ভবনধসে নিহত-আহত শ্রমিকের সংখ্যা, ক্ষতিপূরণ বিষয়ে উচ্চ আদালতের মামলা ও আদেশসমূহ, পোশাকশিল্পে আগামী দিনের ভাবনা, রানা প্লাজা ধসে নিহত-নিখোঁজদের তালিকা তুলে ধরা হয়েছে।