এত ট্রেড ইউনিয়ন দিয়ে কী হবে: শ্রম প্রতিমন্ত্রী

শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর দেখেছি, সবাই শুধু ট্রেড ইউনিয়ন করার দাবি নিয়ে আসছে। এত ট্রেড ইউনিয়ন দিয়ে কী হবে? ট্রেড ইউনিয়ন করতে যারা আসছে, আমি দেখেছি, তারা এর আইন সম্পর্কে কিছুই জানে না।’
আজ শুক্রবার বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দুই দিনের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মুজিবুল হক এসব কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘কম্বোডিয়ায় বেশি বেশি ট্রেড ইউনিয়নের অনুমতি দিয়ে শেষে, সে দেশে তৈরি পোশাক খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে।’
বক্তব্যের শুরুতে মুজিবুল হক বলেন, ‘আমি এখানে আজ আসতে পেরে খুব আনন্দিত। এখানে যাঁরা আজ উপস্থিত আছেন, তাঁরা সবাই আমার চেয়ে স্বচ্ছ ও সৎ। তাই এখানে আসতে পেরে আমি খুশি।’
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘একজন শ্রমিক নেতা বলেছেন, রানা প্লাজা এবং তাজরীন গার্মেন্টসের শ্রমিকরা পর্যাপ্ত ক্ষতিপূরণ পায়নি। তাঁর এই কথার সাথে আমি একমত না। কেননা প্রধানমন্ত্রীর কার্যালয়, আইএলও এবং বায়াররা (ক্রেতা) মিলে শ্রমিকদের যে ক্ষতিপূরণ দিয়েছে, তা বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থায় যথেষ্ট। আমি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের সব তথ্য সংবাদ সম্মেলন করে জাতির সামনে তুলে ধরব।’
সারা দেশের ১০০টিরও বেশি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং ভারত, নেপাল ও দক্ষিণ আফ্রিকার শ্রমিক নেতারা এই সম্মেলনে অংশ নিয়েছেন। শুরুতে জাতীয় পতাকা, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, শ্রমিক আন্দোলনের বিদেশি সহায়তা পরিচালিত সুবিধাবাদী ও হঠকারী ধারা এবং দাবি আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্মেলনে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এ দেশীয় পরিচালক শ্রীনিবাস বি রেড্ডিসহ অন্য শ্রমিক নেতারা বক্তব্য দেন।