সরকার বিএনপিকে নিঃশেষ করে দিতে চায়। কিন্তু বিএনপি কোনো দিনই নিঃশেষ হবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি প্রশ্ন তোলেন, এত নির্যাতনের পরও গত নয় বছরে বিএনপি কি দুর্বল হয়েছে?
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘রামপাল করাপশন অব আওয়ামী রুল, পার্ট ওয়ান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মওদুদ আহমদ এসব কথা বলেন।
বইটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতিবিষয়ক প্রতিবেদনের সংকলন। বিএনপির হিউম্যান রাইটস উইং বইটি প্রকাশ করেছে।
মওদুদ আহমদ বলেন, সরকারের ভ্রান্তনীতি বাংলাদেশকে একটি ভয়ানক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে, তা হচ্ছে বিরোধী দল ও গণতান্ত্রিক শক্তিগুলোকে নিঃশেষ করে দেওয়া। তিনি বলেন, ‘২০০৭ সাল থেকে আমাদের ওপর কত নির্যাতন, কত মামলা-মোকদ্দমা, আমাদের নেত্রীকে কতভাবে লাঞ্ছিত করছে, আমাদের প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। গত নয় বছরে বিএনপি কি দুর্বল হয়েছে? এখনো দেশের ৭০ ভাগ মানুষ বিএনপিকে সমর্থন করে বলে আমরা মনে করি।’
বিএনপির এই নেতা বলেন, ‘আজকে দেশে গণতন্ত্র নেই, কোনো রাজনীতি নেই। এই রাজনৈতিক শূন্যতার সুযোগ নিচ্ছে উগ্রবাদীরা। আমরা সবাই এটা বুঝতে পারছি। কিন্তু তারপরও সরকারের মনোভাব দেখে মনে হয় তারা বিএনপিকে, গণতান্ত্রিক শক্তিগুলোকে নির্মূল করে দিতে চায়।’
মওদুদ আহমদ বলেন, সরকারের একার পক্ষে জঙ্গিবাদ মোকাবিলা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে পৃথিবীর কোনো দেশেই সন্ত্রাসবাদ নির্মূল করা যায়নি। গণতন্ত্র ফিরিয়ে দিন, জঙ্গিবাদ কমে যাবে।
বিএনপির এই নেতা বলেন, আইনশৃঙ্খলায় করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন প্রতিদিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনীকে শুধু বিরোধী দলকে দমন করার জন্য রাখা হয়েছে। এ সংকট নিরসন কেবল রাজনৈতিকভাবেই সম্ভব। আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন।
‘রামপাল করাপশন অব আওয়ামী রুল, পার্ট ওয়ান’ বই সম্পর্কে মওদুদ আহমদ বলেন, বইতে বর্তমান সরকারের দুর্নীতির এক ভাগও প্রতিফলিত হয়নি। অর্থমন্ত্রী নিজেই বলেছেন, সারা দেশে এখন দুর্নীতি ছড়িয়ে পড়েছে। হল-মার্ক, ডেসটিনি, শেয়ারবাজার—এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে দুর্নীতি নেই। দুনীতি এমন পর্যায়ে গেছে যে এটা নিয়ন্ত্রণ করা পরবর্তী সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। এর কারণ, দেশে কোনো জবাবদিহি নেই।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ।