এত বিদ্যুৎ কোথায় গেল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুট করা হলেও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়নি। সরকারের এত এত মেগাওয়াট বিদ্যুৎ কোথায় গেল?

গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে গয়েশ্বর এ প্রশ্ন তোলেন।

গয়েশ্বর রায় বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হলো। তাহলে জনগণ বিদ্যুৎ পায় না কেন? ঢাকা শহরে বিদ্যুতের অবস্থা যদি এই হয়, তাহলে গ্রামগঞ্জের অবস্থা কী, তা সহজেই অনুমান করা যায়। কৃষকেরা বিদ্যুতের জন্য সেচকাজ করতে পারেন না।

গয়েশ্বর দলীয় নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দিনক্ষণের প্রয়োজন নেই, যেকোনো মুহূর্তে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে মাঠে নামতে হবে। তিনি বলেন, ‘যেসব ঘটনা ঘটছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, এটা সরকারের ইশারায় হয় বলে জনগণ বিশ্বাস করে। তাই কোনো ঘটনা ঘটলে আগাম পুরোনো টেপ রেকর্ডার বাজানো হয়...জামায়াত-শিবির, বিএনপি। একটি সরকারের দায়িত্ব পালনের ব্যর্থতা। বিরোধী দলের ওপর দায় চাপাতে চাইলে জনগণ তাতে সন্তুষ্ট হবে না।’ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অর্থনীতিবিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।