এতিমদের সঙ্গে ইফতার করলেন খালেদা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র রমজানের প্রথম ইফতার করেছেন ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে। তাঁদের সম্মানে বিএনপির চেয়ারপারসন আজ শুক্রবার রাজধানীর লেডিস ক্লাবে ইফতারের আয়োজন করেন।
প্রায় প্রতিবছরই প্রথম রোজায় ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করেন খালেদা জিয়া।
আজকের ইফতারে বিএনপি নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, বেগম সারোয়ারী রহমান, আব্দুল মঈন খান, মাহবুবুর রহামন, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। ওলামা মাশায়েখের মধ্যে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, একই জোটের নেতা ও প্রয়াত ফজলুল হক আমিনীর ছেলে আবুল হাসনাত আমিনী, জামিয়া কাসেমিয়া মাদ্রাসার অধ্যক্ষ কামাল উদ্দিন জাফরি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া রাজধানীর কয়েকটি এতিমখানার শতাধিক এতিম শিশু খালেদা জিয়ার সঙ্গে ইফতারে অংশ নেয়।
ইফতারের কিছু সময় আগে অনুষ্ঠানস্থলে আসেন খালেদা জিয়া। পরে তিনি এতিম শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
ইফতারের আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা করে এবং দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।