এনডিআইয়ের সঙ্গে কামাল হোসেনের বৈঠক

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) কাছে নির্বাচনী পরিবেশ তুলে ধরে ধরেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় রাজধানীর গুলশানের একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এনডিআইয়ের প্রতিনিধিদলের সঙ্গে ওই বৈঠক হয়।
আজকের বৈঠকের পর কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এক মাস নির্বাচন পেছানোর দাবি থাকলেও মাত্র সাত দিন পিছিয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের সরকারের আজ্ঞাবহ থাকার কথা নয় এবং একই সঙ্গে সরকারও নির্বাচন কমিশনকে নির্বাচন না পেছাতে আদেশ দিতে পারেন না। এনডিআইয়ের সঙ্গে আলোচনার বিষয়ে ঐক্যফ্রন্টের এই আহ্বায়ক জানান, নির্বাচনী পরিবেশসহ সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে।
দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে গণফোরামে যোগ দেওয়া রেজা কিবরিয়া ছাড়া ঐক্যফ্রন্টের শরিক দলের অন্য কোনো সদস্য উপস্থিত ছিলেন না। কামাল হোসেন জানান, বৈঠকটি ঐক্যফ্রন্ট ও গণফোরামের পক্ষ থেকেই হয়েছে।
বৈঠকে এনডিআইয়ের পক্ষে ছিলেন সংস্থার উপদেষ্টা জ্যাকুলিন কোরকোরান, নির্বাচন পর্যবেক্ষক নিল নিভিটিসহ পাঁচজন সদস্য।