শওকতের নেতৃত্বে নতুন জোট
ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) নামের নতুন একটি জোট আত্মপ্রকাশ করেছে। বিএনপির জোট থেকে বেরিয়ে আসা পাঁচটি ও নামসর্বস্ব পাঁচটি দলের সমন্বয়ে এনডিএফ গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেওয়া হয়। এ সময় জোটের দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এনডিএফ জোটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একাংশের চেয়ারম্যান শওকত হোসেন। মহাসচিব ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি-আলমগীর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার।
এনডিএফ জোটের দলগুলো হলো এনপিপি, এনডিপি, ইসলামিক পার্টি (রশীদ), মুসলিম লীগ (জোবাইদা কাদের), ন্যাপ ভাসানী (আনোয়ার), লেবার পার্টি (মনি), তৃণমূল ন্যাপ (পারভীন ভাসানী), ভাসানী মঞ্চ (মমতাজ), ইনসাফ পার্টি (শহীদ চৌধুরী) ও জাগদল।
এর মধ্যে প্রথম পাঁচটি দল বিএনপি জোট থেকে বেরিয়ে এসেছে।
নতুন এই জোটের উদ্যোক্তা এনপিপির চেয়ারম্যান শওকত হোসেন একসময় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটে ছিলেন। তিনি গত ২৫ আগস্ট বিএনপির জোট ছাড়েন। তবে তাঁর দলের একাংশ এখনো বিএনপির জোটে রয়েছে।
সংবাদ সম্মেলনে শওকত হোসেন দাবি করেন, তাঁরা এই জোটকে বিএনপির জোটের বিকল্প মনে করছেন না। কিন্তু তাঁরা দেশ পরিচালনা করতে চান। তাঁদের এই জোট নির্বাচনী জোট। তাঁরা ৩০০ আসনে প্রার্থী দেবেন। তাঁদের আন্দোলন হবে শান্তিপূর্ণ।
বিএনপির জোট ছাড়ার কারণ জানতে চাইলে শওকত হোসেন দাবি করেন, একদলীয় স্বেচ্ছাচারী মনোভাবের কারণে কেউ জোট ছেড়েছে। বিএনপির অনেক ভুল ছিল। এসব কারণেও কেউ ছেড়েছে।
শওকত হোসেন বলেন, ‘নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া গভীরভাবে হতাশ হয়ে পড়েছেন। সে কারণেই তিনি বিভিন্ন এলোমেলো সিদ্ধান্ত নিচ্ছেন।’
বিএনপির নেতারা ইতিমধ্যে অভিযোগ করছেন, সরকারের একটি সংস্থার পৃষ্ঠপোষকতায় ২০-দলীয় জোট থেকে বিভিন্ন দলকে বের করে নিয়ে আলাদা জোট করা হচ্ছে।
নতুন জোট গঠনে গোয়েন্দা সংস্থার হাত থাকার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শওকত হোসেন বলেন, ‘এ ধরনের কিছু আমার জানা নেই।’
সংবাদ সম্মেলনে এনডিএফের ঘোষণাপত্র ও কর্মসূচি ঘোষণা করেন জোটের মহাসচিব আলমগীর মজুমদার। এ সময় জোটের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন