বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেছেন, সরকারদলীয় সাংসদ এনামুর রহমানের ক্রসফায়ারে হত্যা ও ১৪ জনের তালিকা করার ঘোষণায় বিরোধী রাজনীতিকেরা আতঙ্কে পড়েছেন। এ ঘোষণায় প্রমাণিত হলো সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম-খুনের সঙ্গে সরকার প্রত্যক্ষভাবে জড়িত।
গতকাল শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। রিজভী বলেন, ধমক দিয়ে সেই সাংসদের বক্তব্য প্রত্যাহার করানো হলেও জাতি সত্যিকারের বার্তা পেয়ে গেছে। ভোটারবিহীন সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে এভাবেই বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের তালিকা করে হত্যা ও নির্যাতন চালিয়ে এসেছে।
সংবাদ সম্মেলনে শাহবাগে শিক্ষার্থীদের সমাবেশে পুলিশের গুলি, লাঠিপেটার পর উল্টো ১২ ছাত্রের বিরুদ্ধে পুলিশের মামলা দায়ের এবং বিভিন্ন স্থানে বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযানে ক্ষমতাসীনদের হামলার নিন্দা জানানো হয়।