এপিএস পদ থেকে ছেলেকে সরালেন সাজেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর। সহকারী একান্ত সচিব (এপিএস) পদ থেকে ছেলেকে সরিয়ে দিয়েছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা। ছবি: সংগৃহীত
সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর। সহকারী একান্ত সচিব (এপিএস) পদ থেকে ছেলেকে সরিয়ে দিয়েছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা। ছবি: সংগৃহীত

বড় ছেলে আয়মন আকবরকে সহকারী একান্ত সচিবের (এপিএস) পদ থেকে সরিয়ে দিলেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। তাঁর সুপারিশে সাবেক এপিএস মো. শফি উদ্দিনকে গতকাল বুধবার নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আবদুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর অভিপ্রায় অনুযায়ী শফি উদ্দিনকে তাঁর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।

ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী যত দিন এ পদে থাকবেন অথবা মো. শফি উদ্দিনকে এপিএস পদে রাখার ইচ্ছে পোষণ করবেন, তত দিন এ নিয়োগ কার্যকর থাকবে।

সাজেদা চৌধুরী ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনের সংসদ সদস্য। গত সোমবার সাজেদা চৌধুরী জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে একটি ডিও লেটার দিয়ে এপিএস পদে পরিবর্তন আনার অনুরোধ করেন।

শফি উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাকে আবার এপিএস পদে নিয়োগ দেওয়ায় সংসদ উপনেতার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আয়মন আকবর ২০১৪ সালের জানুয়ারি থেকে সাজেদা চৌধুরীর এপিএস হিসেবে কর্মরত ছিলেন।

সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ পরিবর্তন সাজেদা চৌধুরীসহ নগরকান্দা ও সালথার আওয়ামী লীগের রাজনীতির জন্য ইতিবাচক হবে।’