এফবিআইয়ের কাছে তথ্য জানার চেষ্টা করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র নিয়ে এফবিআই বাংলাদেশ সরকারকে কী তথ্য দিয়েছে, তা এই সংস্থাটির কাছ থেকে জানার চেষ্টা করবে বিএনপি।
গতকাল মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে নীতিগত এ সিদ্ধান্ত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা প্রথম আলোকে বলেছেন, বৈঠকে সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তার এবং খালেদা জিয়ার মামলা নিয়ে নেতারা দীর্ঘ আলোচনা করেছেন। বিএনপি মনে করছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নামে করা মামলা দ্রুততার সঙ্গে শেষ করার চেষ্টা করা হচ্ছে। দলের চেয়ারপারসনকে যেনতেনভাবে সাজা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও কেউ কেউ মত দেন। হঠাৎ করে কেন শফিক রেহমানকে গ্রেপ্তার করা হলো—এ নিয়েও নেতারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। এসব বিষয়ে দু-এক দিনের মধ্যে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান তুলে ধরবে।
প্রায় দুই ঘণ্টা স্থায়ী এ বৈঠক রাত সাড়ে নয়টা থেকে শুরু হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহসহ ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।