এবার অভিশাপমুক্তির নির্বাচন: বি. চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনে আপনারা ভোট দিতে পারেননি। এবার সিটি নির্বাচনে সেই প্রতিশোধ জনগণকে নিতে হবে।’ আসন্ন সিটি নির্বাচনকে অভিশাপমুক্তির নির্বাচন বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল শনিবার মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে কাদের সিদ্দিকীর নিরবচ্ছিন্ন অবস্থান কর্মসূচির ৬০ দিন পূরণ উপলক্ষে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় বদরুদ্দোজা চৌধুরী এসব কথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আসন্ন সিটি নির্বাচন হলো অভিশাপমুক্তির নির্বাচন। সরকারকে বলব, সঠিক নির্বাচন দেন। এটা একটা সুযোগ। সঠিক নির্বাচন দেন, আর বলেন অতীতে ভুল হয়েছে আর হবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, ‘শেখ হাসিনা আপনি কিছুই করতে পারবেন না। পুলিশ দিয়ে রাষ্ট্র চালানো যায় না। তাহলে আইয়ুব খান, এরশাদও এখন পর্যন্ত ক্ষমতায় থাকত। সিটি নির্বাচন বাদ দেন। সিটি নির্বাচনেও আপনি হারবেন।’ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে গণভবন থেকে প্রার্থী ঘোষণা করে প্রধানমন্ত্রী সংবিধান লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, ব্যবসায়ী নেতারা শুধু বিরোধী দলকে দোষারোপ করেন, তাঁদের উচিত ছিল কাদের সিদ্দিকীর পাশে বসা। কাদের সিদ্দিকীর সঙ্গে সংহতি প্রকাশ করা প্রত্যেক শুভবুদ্ধির মানুষের নৈতিক দায়িত্ব।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, কবি আল মুজাহিদী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান তালুকদার, ইকবাল সিদ্দিকী প্রমুখ।