জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত চেয়ে করা দুই আবেদন খারিজ করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তার বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবী রাগীব রউফ চৌধুরী সাংবাদিকদের বলেন, গতকাল মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুটি মামলার বিচার চলছে রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। এই মামলার তদন্ত কর্মকর্তার পুনরায় সাক্ষ্য গ্রহণ ও জেরার দুটি পৃথক আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গত ১৭ এপ্রিল এই আদালত তা খারিজ করে দেন।
এরপর নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন খালেদা জিয়া। ওই আবেদনে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশও চাওয়া হয়। ১৫ মে হাইকোর্ট ওই রিভিশন আবেদন দুটি খারিজ করেন। এরপর গতকাল হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া লিভ টু আপিল করলেন।