এবার ইলিয়াস আলীকেও হাজির করুন: মেনন
বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেতাদের উদ্দেশে বলেছেন, ‘বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিনকে আপনারা হাজির করেছেন। এবার ইলিয়াস আলীকেও হাজির করুন। কারণ, দেখা যাবে ইলিয়াস আলীও শেষ পর্যন্ত তাঁদের চক্রান্তের শিকার হয়েছেন অথবা তাঁদের চক্রান্তের ফসল হিসেবে কাজ করছেন।’
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে গতকাল শুক্রবার দুপুরে অনুষ্ঠিত জাতীয় শ্রমিক ফেডারেশনের দুই দিনব্যাপী একাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
পত্রিকার খবরের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি বলেছে সালাহ উদ্দিন সম্পর্কে পুরো না জেনে তারা কোনো কথা বলবে না। আসলে কথা বলার মুখ তাদের নাই। আপনাদের চালাকি ধরা পড়ে গেছে।’
হাফিজুর রহমান ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শফি উদ্দিন আহমেদ, ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহ-সাংগাঠনিক সম্পাদক সেকান্দর আলী, দিদারুল আলম চৌধুরী প্রমুখ।