এবার উপাচার্যের দপ্তরে আ. লীগ নেতাদের হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনকে স্থানীয় সাংসদ শাসিয়ে যাওয়ার এক দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের দপ্তরে ঢুকে হট্টগোল করলেন নগর আওয়ামী লীগের কয়েকজন নেতা। এ সময় উপাচার্যের দপ্তরে থাকা কয়েকজন শিক্ষকের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

একটি বেসরকারি মেডিকেল কলেজকে অনিয়মের অভিযোগে জরিমানা করার জের ধরে গতকাল বুধবার উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনকে দেখে নেওয়ার হুমকি দেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। এ সময় অশালীন ভাষায় উচ্চবাচ্য করে উপাচার্যকে শাসিয়ে যান ওই সাংসদ।

উপাচার্যের দপ্তর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে আজ দেখা করতে আসেন নগর আওয়ামী লীগের কয়েকজন নেতা। তাঁদের মধ্যে ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি সৈয়দ শাহাদত হোসেন, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনসহ ৮-১০ জন। এ সময় দপ্তরে উপাচার্য ছাড়াও সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার মু. এন্তাজুল হক, শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা, বিজ্ঞান অনুষদের ডিন হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন শিক্ষক ছিলেন।

উপাচার্যের দপ্তরে উপস্থিত থাকা জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেনের ভাষ্য, আওয়ামী লীগের নেতারা উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ে কবে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ শুরু করা হবে, তা জানতে চান। এ সময় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়োগপ্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন ও প্রয়োজন অনুযায়ীই করা হবে। এ কথা শুনে আওয়ামী লীগের নেতারা উত্তেজিত হয়ে ওঠেন এবং কবে নিয়োগ দেওয়া হবে, তার তারিখ জানতে চান। এ নিয়ে হুমকি ধামকি শুরু করেন কয়েকজন নেতা। তাঁরা উপাচার্য ও অন্য শিক্ষকদের উদ্দেশে অশালীন ও কটু কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত বিজ্ঞান অনুষদের ডিন হাবিবুর রহমান আওয়ামী লীগের নেতাদের শান্ত করতে গেলে অন্য নেতারা তাঁর দিকে তেড়ে আসেন। সেখানে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

বিজ্ঞান অনুষদের ডিন হাবিবুর রহমান বলেন, ‘নগর আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ শাহাদত হোসেন আমার পূর্ব পরিচিত। তাই আমি তাঁকে শান্ত করতে এগিয়ে যাই। এ সময় আওয়ামী লীগের নেতারা আমার দিকে তেড়ে আসেন।’

এ বিষয়ে জানতে চাইলে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা বেশ কিছু বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে এসেছিলাম। কিন্তু উপাচার্য বাইরের লোক বলে আমাদের সঙ্গে কথা বলতে চাননি। আমরা সেখান থেকে উঠে আসতে চাইলে এক শিক্ষক এসে আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেনের হাত ধরে টান দেন। এ সময় অন্য নেতারা উত্তেজিত হলে কিছুটা হট্টগোল হয়। আমরা সেখানে কোনো খারাপ আচরণ করিনি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘সব বিধি-বিধান মেনেই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। আমরাও তার ব্যতিক্রম ঘটাব না।’ তাঁর দপ্তরে আওয়ামী লীগের নেতাদের হট্টগোল সৃষ্টির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, উপাচার্যের দপ্তরে এ ধরনের আচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টি করা দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে অনেক অতিরিক্ত নিয়োগ হয়ে আছে। এ জন্য এখন আর নিয়োগ দেওয়া সম্ভব না। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরও পড়তে ক্লিক করুন
উপাচার্যকে শাসালেন সাংসদ