এবার উপাচার্যের পদত্যাগের দাবি ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করা নিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করা নিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার বেলা সাড়ে চারটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে দ্বিতীয় দফার বিক্ষোভে তাঁরা এ দাবি জানান। তাঁদের দাবি, আজ রাত আটটার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করবেন তাঁরা। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করা নিয়ে এ বিক্ষোভের শুরু। স্মরণিকায় ‘স্মৃতিতে অম্লান’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর বর্ণনা দেওয়ার সময় জিয়াউর রহমান হলের পরিচিতিতে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলা হয়। প্রবন্ধটির লেখক হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ রেজাউর রহমান। এর প্রতিবাদে আজ ছাত্রলীগের নেতা-কর্মীরা রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন। ওই সময় উপাচার্য গাড়ি নিয়ে বাসভবনে ঢোকার সময় তাঁর গাড়ি ছাত্রলীগের ভাঙচুরের শিকার হয়। পরে উপাচার্য রেজিস্ট্রার রেজাউর রহমানকে অব্যাহতির ঘোষণা দেন। বিকেল চারটার দিকে ছাত্রলীগ বিক্ষোভ মুলতবি ঘোষণা করেন। কিন্তু বিকেল সাড়ে চারটার দিকে কয়েকজন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতার নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে আবারও বিক্ষোভ শুরু করে। এবার বিক্ষোভে তাঁরা উপাচার্যের পদত্যাগের দাবি জানান।

নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: প্রথম আলো
নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: প্রথম আলো

মুলতবি করার পর আবার বিক্ষোভ শুরুর বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রথম আলোকে বলেন, এটা কোনো ছোট ভুল না। ওই স্মরণিকা প্রকাশের সঙ্গে সম্পৃক্ত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, একটি দায়িত্বশীল পদে থেকে উপাচার্য এ দায় এড়াতে পারেন না। আমরা মনে করি, এ ঘটনার সঙ্গে তিনিও জড়িত।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, আজ রাত আটটার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আগামীকাল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা করা হবে।