এবার খালেদার গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাংলামোটর এলাকায় গতকাল বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িতে হামলা করছেন ছাত্রলীগের কয়েকজন সদস্য   ছবি: প্রথম আলো
রাজধানীর বাংলামোটর এলাকায় গতকাল বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িতে হামলা করছেন ছাত্রলীগের কয়েকজন সদস্য ছবি: প্রথম আলো

এবার খালেদা জিয়াকে বহনকারী গাড়িতে হামলা করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এ হামলায় খালেদা জিয়ার গাড়ির কাচ ভেঙে যায়। এ সময় তিনি গাড়িতেই ছিলেন। এ ছাড়া তাঁর নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
হামলায় খালেদা জিয়ার একজন উপদেষ্টা, তাঁর পাঁচজন নিরাপত্তাকর্মী এবং একজন গাড়িচালক আহত হন। তবে খালেদা জিয়া অক্ষত আছেন।
এ নিয়ে নির্বাচনী প্রচারে নেমে পরপর তিন দিন হামলার মুখে পড়লেন বিএনপির চেয়ারপারসন। প্রথম দুই দিন কারওয়ান বাজার ও নয়াপল্টন এলাকায় হামলার লক্ষ্য খালেদা জিয়ার গাড়িবহর হলেও তৃতীয় দিনের হামলা হয় খালেদা জিয়ার নিজের গাড়িতে।
হামলার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেছেন, তাঁরা নির্বাচনে থাকছেন। খালেদা জিয়াও প্রচার অব্যাহত রাখবেন। তাঁরা শেষ পর্যন্ত দেখে নেবেন সরকার কতটা হিংস্র হতে পারে।
গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে দল-সমর্থিত মেয়র পদপ্রার্থীদের পক্ষে প্রচারে নামেন খালেদা জিয়া। বিকেল সাড়ে পাঁচটার দিকে খালেদা জিয়ার গাড়িবহর বাংলামোটর সিগন্যালে আটকা পড়ে। এ সময় ছাত্রলীগের কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ একদল নেতা-কর্মী লাঠিসোঁটা, ইটের টুকরা নিয়ে খালেদা জিয়ার গাড়ির দিকে এগিয়ে যান। তখন সিগন্যালও ছেড়ে দেওয়া হয়। কিন্তু খালেদা জিয়ার গাড়ি ছিল একটু পেছনে। ধীরগতির চলন্ত গাড়িতেই ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। এ সময় এক যুবকের কোমরের পেছনে একটি অস্ত্রও দেখা গেছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পরিকল্পনা ও কর্মসূচিবিষয়ক সম্পাদক আশিকুল পাঠানকে হামলায় নেতৃত্ব দিতে দেখা গেছে।

বাংলামোটরে গতকাল খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীকে পেটান ছাত্রলীগের কর্মীরা l প্রথম আলো
বাংলামোটরে গতকাল খালেদা জিয়ার নিরাপত্তাকর্মীকে পেটান ছাত্রলীগের কর্মীরা l প্রথম আলো

হামলায় খালেদার গাড়ির বাঁ পাশের পেছনের দিকের কাচ ও বাঁ পাশের পেছনের চাকার ওপরের বাম্পারও খুলে পড়ে যায়। এ সময় খালেদা জিয়া বসে ছিলেন সামনের আসনে। তাঁর নিজস্ব নিরাপত্তাকর্মীদের গাড়িতেও হামলা চালিয়ে এলোপাতাড়ি ভাঙচুর করা হয়। এর মধ্যে কয়েকটি গাড়ির কাচ আগেই ভাঙা ছিল। এমন পরিস্থিতিতে দ্রুত খালেদা জিয়ার বহরের গাড়ি সামনে এগিয়ে গেলে এর ধাক্কায় ছাত্রলীগের দুই কর্মী পড়ে গিয়ে আহত হন। অন্যদিকে খালেদা জিয়াকে রক্ষা করতে তাঁর নিরাপত্তাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তাঁদের একজন আবার গাড়িতে উঠতে ব্যর্থ হন। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাঁকে মারধর শুরু করেন। পুলিশের একটি চলন্ত গাড়িতে উঠতে গিয়ে তিনি আবার পড়ে যান। এ পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা তাঁকে আবারও বেধড়ক মারধর করেন। একপর্যায়ে রাস্তায় ফেলে ঘিরে ধরে তাঁকে মারধর করা হয়।

হামলার সময় এক কর্মীর পেছনে অস্ত্র দেখা যায় l প্রথম আলো
হামলার সময় এক কর্মীর পেছনে অস্ত্র দেখা যায় l প্রথম আলো

হামলার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, সিটি নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় তিনি বিস্তারিত খোঁজ নিতে পারেননি। ছাত্রলীগের কেউ হামলা করেছে—এ ধরনের তথ্য তাঁর কাছে নেই। তবে তিনি শুনেছেন, স্থানীয় জনগণ খালেদা জিয়াকে কালো পতাকা দেখিয়েছে। খালেদা জিয়ার গাড়িবহর জনগণের ওপর তুলে দেওয়া হয়।
হামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ুম, নিরাপত্তাকর্মীদের মধ্যে মইনুল, আনোয়ার, ওয়াজেদ, আতিকুর রহমান, সামিউল হক ও গাড়িচালক মান্নান আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সামিউলের অবস্থা গুরুতর।
দুই-তিন মিনিটের অতর্কিত ওই হামলার পর খালেদা জিয়ার গাড়িবহর দ্রুতগতিতে সামনের দিকে চলে যায়। কাকরাইল লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে কিছুক্ষণ দাঁড়ানোর পর খালেদা জিয়ার গাড়িবহর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো দিকের রাস্তায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর কার্যালয়ের দ্বিতীয় তলায় নিজের কক্ষে যান খালেদা জিয়া। এ সময় বিএনপি ও ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী কার্যালয়ের সামনে জড়ো হয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখান।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ, সাংবাদিক শফিক রেহমান প্রমুখ কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। রাত সাড়ে নয়টার দিকে কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে বাসায় চলে যান খালেদা জিয়া। গতকাল তিনি আর প্রচারণা চালাননি।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন সরকারের উদ্দেশে বলেন, ‘বাকশাল কায়েম করতে চাইলে স্পষ্ট বলে দিন। আমরা আমাদের পথ দেখে নেব।’ হামলার বিচার দাবি করে তিনি বলেন, বিচার করতে সরকার ব্যর্থ হলে গণতান্ত্রিক পদ্ধতিতে হামলার জবাব দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা ছাড়া এ ধরনের হামলা হতে পারে না। তিনি সিটি করপোরেশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং খালেদা জিয়ার নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকতে সরকারের প্রতি আহ্বান জানান।