এবার জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সিপিবি-বাসদের সমাবেশে ছাত্রলীগের হামলার কারণে তাৎক্ষণিক জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছিল কেন্দ্র। প্রায় এক বছর পর বিলুপ্ত কমিটি বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। সেই কমিটির সাংগঠনিক কার্যক্রম দেড় বছরের মাথায় এবার স্থগিত করেছে কেন্দ্র।
৭ মার্চ সিলেটের এমসি কলেজে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্র। গত শুক্রবার রাতে কেন্দ্র থেকে সাংগঠনিক কার্যক্রম স্থগিত-সংক্রান্ত লিখিত নির্দেশনা জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রের এ নির্দেশনার বিষয়টি স্থগিত জেলা কমিটির সভাপতি শাহরিয়ার আলম সামাদ নিশ্চিত করেছেন। তবে কী কারণে স্থগিত—এ বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি। এর আগে ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেটে সিপিবি-বাসদের বিভাগীয় সমাবেশে ছাত্রলীগের হামলার ঘটনায় তখনকার জেলা ছাত্রলীগের কমিটি তাৎক্ষণিকভাবে বিলুপ্ত করেছিল কেন্দ্র। এ সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন হিরন মাহমুদ ওরফে নিপু। ওই ঘটনার প্রায় এক বছর পর ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর কেন্দ্র থেকে শাহরিয়ার আলম সামাদকে সভাপতি, রায়হান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল।
৭ মার্চ এমসি কলেজে সংঘর্ষের ঘটনা ঘটে হিরন মাহমুদের পক্ষের সঙ্গে বর্তমানে রায়হান চৌধুরীর নেতৃত্বাধীন দুই পক্ষে। সংঘর্ষে দুই পক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া, পাল্টাপাল্টি গুলিবর্ষণও করে। গুলিতে ছাত্রলীগের দুই কর্মী আহত হন। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের একপক্ষের কর্মী বাদী হয়ে মহানগর পুলিশের শাহপরান থানায় রায়হান চৌধুরীসহ ১৭ জনকে আসামি করে মামলা করেন।
রায়হান চৌধুরীর পক্ষের ছাত্রলীগের কর্মীরা পরদিন নগরের টিলাগড় এলাকায় ওই মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে শাহপরান থানার ওসিকে প্রত্যাহারে ২৪ ঘণ্টার সময়সূচি বেঁধে দেন। পরদিন শাহপরান থানায় কর্তব্যরত ওসি নিজামউদ্দিন চৌধুরী ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামকে প্রত্যাহার করে তাঁদের স্থলে দুজন নতুন পুলিশ কর্মকর্তা নিযুক্ত করে মহানগর পুলিশ। দলীয় সূত্র জানায়, ঘটনা সরেজমিন তদন্ত করতে ছাত্রলীগের কেন্দ্রীয় একটি প্রতিনিধিদল ১০ মার্চ সিলেটে আসে। তারা ওই দিন এমসি কলেজসহ আশপাশের এলাকা পরিদর্শন করে কেন্দ্রে ফিরে যায়।