বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছিল। এবার তারা সে ভুল করবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই ২০১৯ সালে নির্বাচনে অংশ নেবে।
গতকাল রোববার বিকেলে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এই সোনার বাংলার স্বপ্নই দেখেছিলেন। তিনি চেয়েছিলেন স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি। দেশ আজ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। দেশের খাদ্য ঘাটতি মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। বঙ্গবন্ধু জীবনের ১৪টি বছর পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। কারাগারের ভেতরও তিনি বাংলার মানুষের কথা ভেবেছেন। তিনি কারারক্ষীদের বলেছিলেন, ‘আমি মরে গেলেও লাশ যেন আমার বাংলার মাটিতে কবর দেওয়া হয়।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, একসময়ের চিরচেনা কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, দোহারের মতো গ্রামগুলোও শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়ায় শহরে রূপান্তরিত হয়েছে। এ এলাকার আরও উন্নয়নে ঢাকা-নবাবগঞ্জ-দোহার সড়ককে চার লেনে রূপান্তরের ৫৭২ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে।
বক্সনগর উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুল বাতেন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল-মামুন, সংরক্ষিত মহিলা সাংসদ সাবিনা আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।