এবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি
এবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৮ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, গতকাল তাঁরা ৮ নভেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়েছেন। গতকাল পর্যন্ত তাঁরা লিখিত অনুমতি পাননি। তবে আশা করছেন, এখানে সমাবেশ করার অনুমতি পাবেন।
৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। গত বৃহস্পতিবার রাতে ডিএমপি জানায়, ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কাউকে সমাবেশ করতে দেওয়া হবে না। এর পরিপ্রেক্ষিতে বিএনপি নতুন করে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চাইল।
গতকাল শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে প্রমাণিত হলো সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, একটি মহল, যারা গণতন্ত্রের দাবি থেকে দৃষ্টি সরিয়ে দিতে চায়, তারা এ ধরনের হীন কার্যকলাপে জড়িত। তিনি অভিযোগ করেন, নাসিরনগরের ঘটনায় স্থানীয় প্রশাসনের গাফিলতি ছিল।