
চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনের পরদিন গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে পাল্টা কমিটি ঘোষণা করেছে দলেরই একটি অংশ। পাল্টা কমিটির সভানেত্রী করা হয়েছে নমিতা আইচকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেখা আলম চৌধুরী। গতকাল দুপুরে নমিতা আইচ পাল্টা কমিটির ঘোষণা দেন।
গত মঙ্গলবার নগরের একটি কমিউনিটি সেন্টারে মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনের পর কণ্ঠভোটে হাসিনা মহিউদ্দিনকে সভানেত্রী ও আঞ্জুমান আরা চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা। হাসিনা মহিউদ্দিন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী। কিন্তু ওই সম্মেলন একতরফা বলে অভিযোগ করে সম্মেলনস্থলের বাইরে পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে একটি পক্ষ। গতকাল তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে পাল্টা কমিটি ঘোষণা করে।
পাল্টা কমিটির সহসভাপতি করা হয়েছে তপতী সেনগুপ্তাকে। তিনি আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আরও দুজন সহসভাপতি হলেন ফেরেদৗসি নাজিম ও হাসিনা জাফর। সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম ও বর্তমান কাউন্সিলর আনজুমান আরা বেগমকে করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক। মর্জিনা আক্তারকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক।
সংবাদ সম্মেলনে বলা হয়, কাউকে কিছু না বলে একতরফাভাবে মহিলা আওয়ামী লীগের সম্মেলনের পর কমিটি হয়েছে। এই কমিটির কোনো বৈধতা নেই। সম্মেলনে সাধারণ সম্পাদক ছিলেন না। তাঁকে ছাড়া কীভাবে সম্মেলন হয়?
সংবাদ সম্মেলনে নমিতা আইচ ছাড়াও তপতী সেনগুপ্তা, অঞ্জলী কুণ্ডু, রেখা আলম, হাসিনা জাফর, আনজুমান আরা বেগম, রেহেনা বেগম, মিলি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
তপতী সেনগুপ্তা প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবারের সম্মেলনের বৈধতা নেই। ওরা একতরফা সম্মেলন করে কমিটি ঘোষণা দিয়েছে। এর সঙ্গে নগর মহিলা আওয়ামী লীগের বেশির ভাগ নেত্রীর কোনো সম্পর্ক নেই। তাই পাল্টা কমিটি করা হয়েছে।’ তিনি বলেন, পাল্টা কমিটি অনুমোদনের জন্য তাঁরা কেন্দ্রের সঙ্গে কথা বলবেন।
পাল্টা কমিটির যুগ্ম সম্পাদক রেহেনা বেগম রানু বলেন, ‘পাল্টা কমিটি ঘোষণা ছাড়া আমাদের উপায় ছিল না। ভাবি (হাসিনা মহিউদ্দিন) তো আমাদের কথা শোনেননি।’
পাল্টা কমিটি ঘোষণার ব্যাপারে হাসিনা মহিউদ্দিন বলেন, ‘তপতী সেনগুপ্তাসহ যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের কাউন্সিলর কার্ড দেওয়া হয়েছে। তাঁরা কাউন্সিলে উপস্থিত না হয়ে অসত্য কথা বলেছেন।’