এবার প্রগতিশীলদের সমাবেশে ছাত্রলীগের ধাক্কা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের আয়োজিত সমাবেশ থেকে তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই সমাবেশ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসে। এরপর তাঁরা সেখানে সমাবেশ শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানিয়ে মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এলে সেখানে অবস্থানরত সমাবেশকারীদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। এরপর তারা মিছিল নিয়ে দলীয় টেন্টে গিয়ে সমাবেশ করে।
প্রগতিশীল ছাত্রজোটের ওই সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শাকিল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি লিটন দাস, কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আবদুল মজিদ, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ফিদেল মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আবদুল মজিদ অভিযোগ করেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করছিলাম। কিন্তু ছাত্রলীগ হুট করেই সেখানে মিছিল নিয়ে আসে। আমরা তাদের মিছিলের জন্য রাস্তা ছেড়ে দিই। কিন্তু তারা আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমাদের মিছিল অনেক বড় ছিল তাই রাস্তা দিয়ে যাওয়ার সময় হয়তো তাদের ধাক্কা লাগতে পারে। কেউ ইচ্ছাকৃত ধাক্কা দেয়নি।’ তিনি অভিযোগ করেন, ‘আমরা তাদের অনেক ছাড় দিই। কিন্তু সমাবেশ থেকে ছাত্রলীগকে গালাগালি দেওয়া হচ্ছিল। তারা এমন করলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’