এবার ভেঙে গেল জাগপা
বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ভেঙে গেছে। দলটির একাংশের নেতারা দলের প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানকে ‘অব্যাহতি’ দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছেন। এই অংশের নেতারা বলছেন, তাঁরা বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটে থাকবেন না।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গতকাল রোববার দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শফিউল আলম প্রধানের কমিটির সহসভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদকে সভাপতি ও মো. মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। তাঁরা দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পরে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক বেশ কয়েকটি দল ভেঙে গেছে। এর মধ্যে ২০১৪ সালের ২৫ আগস্ট বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেন এনপিপির শওকত হোসেন নীলু। পরে দল ভেঙে একাংশ বিএনপি জোটে থেকে যায়। আবদুল লতিফ নেজামীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। এ ছাড়া এনডিপি, সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টিও (ভাসানী-ন্যাপ) ভেঙে গেছে। ভাঙা দলগুলোর একাংশ বিএনপি নেতৃত্বাধীন জোটে থাকায় সংখ্যাগত দিক থেকে বিএনপি-জোট এখনো ২০-দলীয় জোট নামেই আছে।
জাগপার একাংশের নতুন কমিটি ঘোষণাকারীদের দাবি, দলে একনায়কত্ব প্রতিষ্ঠা, জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া আসামিদের মুক্তির দাবি এবং নির্বাচনী রাজনৈতিক ব্যবস্থার বিপরীতে অবস্থান নেওয়ায় শফিউল আলমকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এই অংশের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁদের সঙ্গে দলের ৬০ শতাংশ নেতা-কর্মী আছেন।
জানতে চাইলে শফিউল আলম প্রধান প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তিনি ‘প্র্যাকটিক্যালি’ কিছু জানেন না। তবে তাঁর কর্মী-সমর্থকেরা তাঁর সন্তানতুল্য। তাঁরা এমন কাজ করতে পারেন না। কেউ যদি বন্দুকের নলের মুখে এ ধরনের কাজ করে থাকেন, তা ভিন্ন কথা।