এবার ভোট দিতে না পারলে জনগণ খেপে উঠবে: নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এবার জনগণ ভোট দিতে না পারলে খেপে উঠবে। তিনি বলেন, জনগণ ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত সরকার চায়। সরকার দায়িত্ব পালনে আরেকবার ব্যর্থ হলে জনগণ জেগে উঠবে। 

আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন। ২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ ইসলামিক পার্টি এ আলোচনার আয়োজন করে।
নজরুল ইসলাম খান সুষ্ঠু নির্বাচনের জন্য আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং সবার কাছে গ্রহণযোগ্য সাহসী ব্যক্তিদের নির্বাচন কমিশনে (ইসি) নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা বলি না যে নির্বাচন কমিশনে আমাদের পছন্দের লোক নিয়োগ দিতে হবে। ইসি কারও লোক হবে না। যাঁদের নিয়োগ দেওয়া হবে, তাঁরা কেবল নির্বাচন কমিশনের লোক হবেন। কিন্তু এমন লোক দিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছিল, আর তাঁরা এমন লোক নিয়োগ দিয়েছেন, যাঁরা সরকারের কাজ ছাড়া কিছু করে না। এমন লোকেরা জনগণের ভোটাধিকার রক্ষা করতে পারেননি। এ রকম নির্বাচন কমিশন জনগণ চায় না।’
ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান আজাহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
প্রধানমন্ত্রী নিশ্চুপ কেন?
সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, পদে পদে নারী লাঞ্ছনা, ধর্ষণ, ধর্ষণের পর হত্যা ও শাসক দলের অঙ্গসংগঠনগুলোর পৈশাচিকতার এত সব ঘটনা পরও প্রধানমন্ত্রী নিশ্চুপ কেন?
সাম্প্রতিক কয়েকটি ঘটনার উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রী কণিকা ঘোষ, রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার, মাদারীপুরের নিতু মণ্ডল বখাটেদের হামলায় প্রাণ হারিয়েছে। ছাত্রলীগ নেতার আক্রোশের শিকার খাদিজা মৃত্যুর সঙ্গে লড়ছে। মিরপুরে দুই কলেজ ছাত্রীকে পিটিয়ে আহত করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতা। সিরাজদিখানে ও ঝিনাইদহে দুই স্কুলছাত্রীকে কুপিয়েছে বখাটেরা। রাজধানীর দক্ষিণখানে কিশোরী, লালবাগে নারী, ধামরাইয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করেছে সন্ত্রাসীরা। দিনাজপুরের পাঁচ বছরের ধর্ষিতা শিশুটি এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।
রিজভী বলেন, সরকারের দুঃশাসন এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে শিশু ও নারী ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বিভিন্ন স্থানে শাসক দলের ক্যাডারদের উৎপাতে ছেলেমেয়েরা স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে। তিনি এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা খায়রুল কবির, মাসুদ আহমেদ তালুকদার, আজিজুল বারী, তাইফুল ইসলাম, বেলাল আহমেদ প্রমুখ।