দীর্ঘ ২১ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন হয়েছে দুই সপ্তাহ আগে। এবারই প্রথম কুমিল্লা নগরের বাসিন্দারা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটিতে ঠাঁই পাননি। এবার মহানগর কমিটিতে স্থান পেতে মুখিয়ে আছেন নগরের শতাধিক নেতা-কর্মী।
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আগেই কমিটি চান দলীয় নেতা-কর্মীরা। চলতি বছরের ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয়। ২০১২ সালের ৫ জানুয়ারি সিটি নির্বাচন হয়। এরপর থেকে এখন পর্যন্ত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কোনো কমিটি গঠন হয়নি। তার ওপর শহর কমিটির মেয়াদও এক যুগের বেশি। এ অবস্থায় দ্রুত কমিটি চান দলের নেতা-কর্মীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের আওয়ামী লীগের সাংসদ আ ক ম বাহাউদ্দিনকে আহ্বায়ক বা সভাপতি করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটি গঠনের প্রস্তাব কেন্দ্রে জমা দেওয়া হয়েছে। তার সঙ্গে তরুণ এক নেতাকে সদস্যসচিব বা সাধারণ সম্পাদক করার প্রস্তাবও কেন্দ্রে আলাদাভাবে পাঠানো হয়। এরপর আর কমিটি গঠন নিয়ে কোনো আলোচনা নেই। গত ২৩ জুলাই কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি গঠনের পর মহানগর কমিটি নিয়ে জোর আলোচনা শুরু হয়।
আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগে তরুণ ও নবীন কর্মীদের প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হয়। ফলে জ্যেষ্ঠ নেতারা নগরের বাসিন্দা হওয়ায় ওই কমিটিতে স্থান পাননি। এখন কমিটি করতে হলে চার নেতার অনুসারীদের ওই কমিটিতে স্থান দিতে হবে। কমিটিতে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, রেলপথমন্ত্রী মুজিবুল হক, সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজল খানের অনুসারীদের রাখতে হবে। এতে করে ওই কমিটির সদস্যসংখ্যা বাড়বে।
মহানগর কমিটিতে শীর্ষ পদগুলোতে যাঁদের নাম বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে, তাঁরা হলেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, আমেরিকান চেম্বার অব কমার্সের সভাপতি আফতাব উল ইসলাম মঞ্জু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজল খান ও তাঁর ছেলে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুদ পারভেজ খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, শহর আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীনুল ইসলাম, একই কমিটির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরফানুল হক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) জাকির হোসেন, সহসভাপতি (ভিপি) নূর উর রহমান মাহমুদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার, একই কমিটির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সিটি করপোরেশনের প্যানেল মেয়র আঞ্জুম সুলতানা, সিটি করপোরেশনের পাঁচবারের নির্বাচিত কাউন্সিলর জমির উদ্দিন খান, কাউন্সিলর আবদুল মালেক, আলমগীর হোসেন ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আতিকুর রহমান আব্বাসী।
এ প্রসঙ্গে নগরের বাসিন্দা ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জাকির হোসেন বলেন, ‘দলের জন্য নিবেদিতপ্রাণ, ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সরব নেতা-কর্মীদের কমিটিতে দেখতে চাই। অনেকে দীর্ঘদিন ধরে দল করছেন, কিন্তু পদ জোটেনি। এবার সুযোগ রয়েছে নগর কমিটিতে সবাইকে জায়গা দেওয়ার।’
জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অর্থ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা মহানগর কমিটি আপা (আওয়ামী লীগের সভাপতি) ঘোষণা করবেন। তিনি এই কমিটি করবেন। কবে নাগাদ হবে, তা বলতে পারছি না।’ নবগঠিত জেলা কমিটি কেমন হলো—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ও মুজিব (রেলপথমন্ত্রী) প্রবীণ, বাকি সবাই নবীন। এবারের কমিটিতে নবীনদের প্রাধান্য দেওয়া হয়েছে।’