এবার মাঠের নেতাদের কথা শুনবে বিএনপির শীর্ষ নেতৃত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

দলের কর্মকৌশল ঠিক করতে জ্যেষ্ঠ নেতাদের পর এবার কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের নেতাদের সঙ্গেও ধারাবাহিক বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী মঙ্গলবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই মতবিনিময়।

আজ রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির নেওয়া এ সিদ্ধান্ত জানান।

বিএনপির মহাসচিব বলেন, ১৪, ১৫ ও ১৬ তারিখে দলের জাতীয় কার্যানির্বাহী কমিটির ধারাবাহিক সভায় মতবিনিময় হয়েছে। অবশিষ্ট সদস্যদের সঙ্গে আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর মতবিনিময় সভার সিদ্ধান্ত হয়েছে।

কেন্দ্রীয় কমিটির বাইরে মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় হবে কি না, প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, এই তিন দিনের সভায় তাঁরাও থাকবেন।

১৪ সেপ্টেম্বর থেকে টানা তিন দিন দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের রুদ্ধদ্বার বৈঠক হয়। এসব বৈঠকে দেশের বর্তমান অবস্থা ও দলের করণীয় কী হওয়া উচিত, সে বিষয়ে নেতাদের মতামত শুনেছেন দলের ভারপ্রাপ্ত প্রধান।

২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলের পর খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্তমান সদস্যের সংখ্যা ৫০২।

এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘যখন ধারাবাহিক সভাগুলো শেষ হবে, তখন সময়মতো আমাদের মতামতগুলো আপনারা জানতে পারবেন। আমাদের পরবর্তী কর্মপন্থাও জানতে পারবেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এসব মতবিনিময় সভায় রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। পুরো রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, একদলীয় শাসন প্রবর্তন করার যে একটা প্রচেষ্টা, বিরোধী দলের ওপরে যে নির্যাতন, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া, মিথ্যা মামলা-গায়েবি মামলা ইত্যাদি বিষয় আলোচনা হয়েছে।’