এবার মোয়াজ্জেমের কুশপুত্তলিকা দাহ করল ছাত্রলীগ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সাংসদ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলার আবেদনের পর এবার তাঁর কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগ৷ আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগ এই কর্মসূচি করে।
কেন্দ্রীয় ছাত্রলীগের এই কর্মসূচি থেকে মোয়াজ্জেম হোসেনের শাস্তির পাশাপাশি ‘বিভিন্ন সময়ে ছাত্রশিবির-ছাত্রদল ক্যাডারদের সশস্ত্র হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী শহীদ ফারুক হোসেন, বুয়েটের ছাত্রলীগ কর্মী শহীদ আরিফ রায়হান দ্বীপ, বুয়েট ছাত্রী সাবেকুন নাহার সনি ও চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগের আট নেতা-কর্মী হত্যা মামলার রায় দ্রুত ঘোষণা’র দাবি জানানো হয়।
কুশপুত্তলিকা দাহ করার আগে রাজু ভাস্কর্যে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান বলেন, মোয়াজ্জেম হোসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। আলালেরা মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন? ছাত্রলীগের নেতা-কর্মীরা আছেন বলেই দেশে জঙ্গিবাদ তৈরি হচ্ছে না। ছাত্রলীগের কারণেই মানুষ শান্তিমতো ঘুমাতে পারে।
সমাবেশে অন্যদের মধ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বক্তব্য দেন। এরপর মোয়াজ্জেম হোসেনের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাতে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের পক্ষ থেকে একটি মামলার আবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত। ওই দিন সন্ধ্যায় এক ছাত্রলীগ কর্মীও মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন করেন। দুটি আবেদনই পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে।