এবার রাজশাহী বিএনপি রক্ষা কমিটি
দীর্ঘ সাত বছর পর জেলা ও মহানগর কমিটি ঘোষণার পর নতুন করে বেকায়দায় পড়েছে রাজশাহী বিএনপি। নতুন কমিটি ঠেকাতে দলীয় কার্যালয়ে তালা, কেন্দ্রীয় নেতার ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা, জনপ্রতিনিধি ও নেতাদের বিবৃতির পর এবার ‘রাজশাহী বিএনপি রক্ষা কমিটি’ নামের নতুন কমিটি গঠন করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা।
গত ২৭ ডিসেম্বর প্রভাবশালী দুই নেতাকে বাদ দিয়ে রাজশাহী নগর ও জেলা বিএনপির কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। নগর বিএনপির সভাপতির পদ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুকে বাদ দিয়ে কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলায় সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিম মোস্তফাকে সভাপতি পদ থেকে বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন তপুকে। নগর কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন-বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলনকে। তিনি আগের কমিটিতেও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। জেলায় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মন্টুকে।
জেলা ও নগর বিএনপির সূত্রমতে, দলের দুই প্রভাবশালী নেতাকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন তাঁদের সমর্থকেরা। তাঁরা বিভিন্নভাবে নবগঠিত কমিটিকে ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যার অংশ হিসেবে কমিটি ঘোষণার পরদিন ২৮ ডিসেম্বর রাতে বিএনপির একাংশের নেতা-কর্মীরা দলের মহানগর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তাঁদের দাবি, সম্মেলনের মাধ্যমে নতুন করে মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করতে হবে। গতকাল সোমবার পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় আছে নগর বিএনপির কার্যালয়। ২৯ ডিসেম্বর দুপুরে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকতের ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়।
গত শনিবার বিএনপির ১৬ জনপ্রতিনিধি ও নেতা এক বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির নবগঠিত কমিটি স্থগিত করে পুনরায় কমিটি ঘোষণার দাবি জানান। রোববার রাজশাহী মহানগর বিএনপির কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কমিটি পুনর্গঠনের দাবি জানান রাজশাহী সিটি করপোরেশনের বিএনপিপন্থী ১৭ কাউন্সিলর।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী এক শিক্ষক নাম প্রকাশ না করে বলেন, এমনিতেই সরকারের কঠোর অবস্থানের কারণে রাজপথে দাঁড়াতে পারছে না বিএনপি। রাজশাহীর বহু নেতা-কর্মী রাজনৈতিক মামলায় জেল খাটছেন। এমন অবস্থায় নিজেদের মধ্যে এমন দ্বন্দ্ব তাদের আরও পেছনে ঠেলে দেবে।
নগর বিএনপি সূত্রে জানা গেছে, রোববার বিকেল চারটায় নগরের রাজারহাতার বালুর মাঠে রাজশাহী মহানগর বিএনপির একাংশের নেতা-কর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সবার মতামতের ভিত্তিতে ‘রাজশাহী বিএনপি রক্ষা কমিটি’ ঘোষণা হয়। মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নজরুল হুদাকে আহ্বায়ক ও বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টুকে সদস্যসচিব করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রাজশাহী বিএনপি রক্ষা পরিষদের সদস্যসচিব সাইদুর রহমান পিন্টু বলেন, প্রাথমিক পর্যায়ে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়বে। তিনি বলেন, ‘আগামীকাল (আজ মঙ্গলবার) আমাদের সংবাদ সম্মেলন রয়েছে। সেখানে বিস্তারিত তুলে ধরা হবে।’
নগর বিএনপির নতুন কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এরা দলকে এবং চেয়ারপারসনকে বিতর্কিত করে ভাবমূর্তি নষ্টের অপচেষ্টায় লিপ্ত। তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করছে।