এবার সদরপুরে বিএনপির পাল্টাপাল্টি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার একটি ইউনিয়নে বিএনপির দুটি পক্ষ পাল্টাপাল্টি কমিটি গঠন করেছে। উপজেলার ঢেউখালী ইউনিয়নে ওই কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গত ৯ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চারটি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের নেতৃত্বে পাল্টাপাল্টি মোট আটটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
বিএনপির কয়েকজন নেতা-কর্মী বলেন, ফরিদপুর জেলা বিএনপির একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি জহুরুল হক মিয়া। উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওই দুই নেতার অনুসারীদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে।
গত রোববার বিকেলে চৌধুরী কামাল ইবনে ইউসুফের সমর্থকেরা ঢেউখালী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সম্মেলনের মাধ্যমে মোজাফফর হোসেন চাকলাদারকে সভাপতি ও মো. তোতা বয়াতিকে সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান খানের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়।
এর আগে ৯ সেপ্টেম্বর বিকেলে ঢেউখালী ইউনিয়নের মুন্সির হাট উচ্চবিদ্যালয়ে সম্মেলনের মাধ্যমে হাকিম সরদারকে সভাপতি ও টুকু মুন্সীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের একটি কমিটি গঠিত হয়। এ কমিটি গঠনে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি জহুরুল হক মিয়া-সমর্থিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী বদরুতজামান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী বদরুতজামান বলেন, ‘ওরা আমাদের দলের কেউ না। দল থেকে ওদের বহিষ্কার করা হয়েছে। আমরা কখনো কোনো পকেট কমিটি করিনি। দলের পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়েই কমিটি করা হয়েছে।’
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান বলেন, ‘পকেট কমিটির গুটিকয় ব্যক্তি ছাড়া আর কেউ নেই ওদের সঙ্গে। এ কারণে পকেট কমিটির জায়গায় আমরা প্রকৃত বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ইউনিয়ন কমিটি করেছি।’
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির চার নেতা বলেন, এই পাল্টাপাল্টি কমিটি গঠনের ফলে দলের ভাবমূর্তি নষ্ট হবে। মুখ থুবড়ে পড়বে সাংগঠনিক কার্যক্রম।