এবার সম্মেলন ছাড়াই ছাত্রলীগের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইশতিয়াক আহমেদ
ইশতিয়াক আহমেদ

সম্মেলন ছাড়াই সম্প্রতি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি হয়েছেন ইশতিয়াক আহমেদ ওরফে রাজীব। এর আগে কাউন্সিলরদের মতামত ছাড়াই তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক হয়েছিলেন।
সংগঠনের কয়েকজন নেতা-কর্মী বলেন, টাঙ্গাইলে আওয়ামী লীগের রাজনীতিতে আলোচিত সাংসদ আমানুর রহমান খান ওরফে রানার ছোট ভাই ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খান ওরফে বাপ্পার ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় ইশতিয়াককে কোনো পদ পেতে কখনো ভোট বা সম্মেলনের প্রয়োজন হয়নি।
সদ্য বিলুপ্ত জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা বলেন, ২০১০ সালে সম্মেলনে ইশতিয়াক আহমেদ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ পান। সেবার সম্মেলনের পর কাউন্সিলরদের মতামত ছাড়াই কেন্দ্রীয় নেতারা কমিটি ঘোষণা করে যান। এর কিছুদিন আগে ইশতিয়াক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকারি এম এম আলী কলেজ ছাত্রসংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হন। ২০১১ সাল থেকে পরপর তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই কলেজ ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি।
এদিকে আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সানিয়াত খানের জড়িত থাকার কথা উল্লেখ করে দুই আসামি গত বছর আগস্টে আদালতে জবানবন্দি দেন। এরপর থেকে সানিয়াত আত্মগোপনে আছেন। সানিয়াতের পক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন ইশতিয়াক ও তাঁর অনুসারীরা। সংগঠনের নেতা-কর্মীরা বলেন, সানিয়াত বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন। সেখান থেকে জেলা ছাত্রলীগে নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছেন। বর্তমানে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হলে তাঁর অনুসারীরা নেতৃত্বে আসতে পারবেন না—এ আশঙ্কায় কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে সম্মেলন ছাড়াই কমিটি করিয়েছেন।
২৪ জুন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইশতিয়াক আহমেদকে সভাপতি ও শামীম আল মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ খবর টাঙ্গাইল পৌঁছার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রলীগের ইশতিয়াকবিরোধী নেতা-কর্মীরা। তাঁরা বিক্ষোভ মিছিল করেন এবং পাশাপাশি পরদিন ২৫ জুন টাঙ্গাইল শহরে আধা বেলা হরতাল পালন করেন। সংগঠনের কার্যালয় এখনো বিক্ষুব্ধ নেতা-কর্মীদের দখলে আছে। তাঁরা এ কমিটি বাতিলের দাবিতে প্রায় প্রতিদিনই মিছিল-সমাবেশ করছেন।
সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি নাজমুল হুদা বলেন, নতুন কমিটি ঘোষণার ব্যাপারে কেন্দ্রীয় নেতারা তাঁর সঙ্গে কোনো আলোচনা করেননি।
বিক্ষুব্ধ অংশের নেতা ও সদ্য বিদায়ী কমিটির সহসভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, ‘সানিয়াত খান টাকার বিনিময়ে তাঁর নিজের লোক দিয়ে এ কমিটি করিয়েছেন। তৃণমূলের নেতা-কর্মীরা এ কমিটি মেনে নেননি। আমরা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি চাই।’
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জোয়াহেরুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক টাকার বিনিময়ে সন্ত্রাসী খান পরিবারের আধিপত্য টিকিয়ে রাখার জন্য এ কমিটি দিয়েছেন। অথচ টাঙ্গাইলের ইতিহাসে সম্মেলন ছাড়া ছাত্রলীগের কোনো দিন কমিটি হয়নি।
এ বিষয়ে জানতে নতুন কমিটির সভাপতি ইশতিয়াক আহমেদের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ ছানোয়ার হোসেন বলেন, সম্মেলন ছাড়া কমিটি গঠন ঠিক হয়নি। এটা বাতিলের জন্য কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে।