এবার 'সজীব ওয়াজেদ জয় পরিষদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণমাধ্যমে পাঠানো ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’-এর সংবাদ বিজ্ঞপ্তি
গণমাধ্যমে পাঠানো ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’-এর সংবাদ বিজ্ঞপ্তি

‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’ নামের একটি সংগঠন কাল রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে দ্বিবার্ষিক ‘জাতীয় সম্মেলন’ আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে এই সংগঠন করা হয়েছে বলে দাবি করছেন ওই সংগঠনের সভাপতি মাহবুব আলম।
সংগঠনটি সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, ‘এই ধরনের সংগঠন যারা করেছে, তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’-এর প্যাডে সংগঠনের প্রচার সম্পাদক আমির হোসেনের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে পাঠানো হয়। সেখানে লেখা হয়, সংগঠনটির জাতীয় সম্মেলনে বক্তব্য দেবেন গাইবান্ধা-৪ আসনের সাংসদ আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা। আর এতে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি মো. মাহবুব আলম।
জানতে চাইলে সংগঠনটির সভাপতি মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ‘জয় ভাইকে ভালোবাসি। এ জন্য তাঁর নামে এই সংগঠন করেছি। এই সংগঠনের অনুমোদনের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করেছি। তবে এখনো অনুমোদন পাইনি।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কমিটিতে যারা পদ-পদবি পায়নি, তাদের সংগঠিত করে এই সংগঠন করছি।’
এ ব্যাপারে জানতে মুঠোফোনে সাংসদ আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রথমে ফোন ধরেননি। কিছুক্ষণ পর তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। পরে খুদে বার্তা পাঠালেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
এর আগেও জয়ের নাম ব্যবহার করে ‘সজীব ওয়াজেদ জয় লীগ’ নামের একটি সংগঠন খোলেন রনি আহম্মেদ নামের ঢাকার কেরানীগঞ্জের এক ব্যক্তি। এরপর এটা নিয়ে বেশ আলোচনা হয়। পরে নিজের ফেসবুকের ভেরিফায়েড পাতায় জয় লেখেন, ‘কেউ “সজীব ওয়াজেদ জয় লীগ” খুলে বসেছে। এই লীগ পুরোপুরি অননুমোদিত এবং আমার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমার পরিবার এবং আমি চাই না যে অহেতুক আমাদের পরিবারের নাম ব্যবহার হোক। এতে কেবলই আমাদের দল ও পরিবারের ভাবমূর্তি, বিশেষ করে আমার পিতামহ জাতির পিতা বঙ্গবন্ধুর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।’