এবারও চুপ বিএনপি
রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। দলটি বরাবরের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতার দণ্ডাদেশ বিষয়ে চুপ করে আছে।
মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মৃত্যুতেও চুপ ছিল বিএনপি।
গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজামীর বিরুদ্ধে রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালের অদূরে জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজামীর মৃত্যুদণ্ডের রায়কে কীভাবে মূল্যায়ন করছে, তা জানতে চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে সাংবাদিকদের পক্ষ থেকে একটি চিরকুট দেওয়া হয়। তবে নিজের বক্তব্যে মির্জা ফখরুল এ বিষয়ে কোনো কথা বলেননি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে এ পর্যন্ত জামায়াতের আট নেতাকে দণ্ড দিয়েছেন আদালত। এসব রায় নিয়ে বিএনপি এখনো পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি। এর বাইরে একই অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং দলটির সাবেক সাংসদ আবদুল আলীমও দণ্ড পেয়েছেন। সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়ার পর কেবল প্রতিক্রিয়া জানিয়েছিল বিএনপি। সে সময় দলটি বলেছিল, সালাউদ্দিন কাদের সুবিচার পাননি। এ রায়ের প্রতিক্রিয়ায় সারা দেশে বিক্ষোভও পালন করে দলটি।