এবারও তারা সেভাবেই আগুন দিয়েছে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: ফেসবুক থেকে নেওয়া

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ও আন্দোলনে জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবারও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে। তিনি বলেন, ২০১৩ সালে যাত্রীবেশে বাসে উঠে গান পাউডার দিয়ে তারা যেভাবে আগুন দিয়েছে, এবারও তারা সেভাবেই আগুন দিয়েছে।

আজ শনিবার রাজশাহী জেলার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাদের এ কথা বলেন। ওবায়দুল কাদের জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি অতীতেও পেট্রলবোমা এবং আগুন-সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যার মহোৎসব করেছিল। তিনি বলেন, বাস পোড়ানোর ঘটনার ভিডিও ফুটেজ আছে, সবই পুরোনো ও চেনামুখ। এ ঘটনাকে কেন্দ্র করে একটি ফোনালাপের রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ।

দলীয় নেতা কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো পকেট কমিটি করা যাবে না, ত্যাগী ও দলের নিবেদিতদের কমিটিতে স্থান করে দিতে হবে।

বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আবুল প্রমুখ।