এবারের বাড়ি ফেরা ছিল কয়েক বছরের তুলনায় অনেক স্বস্তিদায়ক, দাবি কাদেরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার সরকারের সমন্বিত ও পরিকল্পিত ব্যবস্থার জন্য মহাসড়কে কোনো যানজট ছিল না। ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরা ছিল গত কয়েক বছরের তুলনায় অনেক স্বস্তিদায়ক। মহাসড়কে ভোগান্তি তেমন হয়নি।

আজ শুক্রবার সকালে ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলক্রসিং উড়ালসেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনের সময় এসব কথা বলেন কাদের।
ওবায়দুল কাদের বলেন, সড়ক, রেল ও নৌপথে যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রস্তুতি ছিল ভালো। এর ফলে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা আনন্দ ও উল্লাসে হয়েছে। ঈদের পরও মানুষ অত্যন্ত স্বস্তিতে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সেনা মোতায়েন হবে সংবিধান অনুযায়ী। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলে তখন পরিস্থিতি বুঝে ও প্রয়োজন মনে করলে নির্বাচন কমিশন সরকারকে সেনা মোতায়েনের অনুরোধ জানাবে।

সাম্প্রতিক সময় মুন্সিগঞ্জে কমিউনিস্ট পার্টির নেতা বাচ্চু ও শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের একমাত্র ছেলে সুমন জাহিদের হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ওবায়দুল কাদের।
মন্ত্রী পার্বত্য এলাকায় পাহাড়ধসে লোকজন নিহত, সিলেট ও ফেনীর ফুলগাজী-পরশুরামে পানিবন্দী মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের ওই সব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আজ ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের কর্নেল এস এম জাকারিয়া হোসাইন, ফেনীর ফতেহপুর রেলক্রসিং উড়ালসেতু নির্মাণকাজের প্রকল্প পরিচালক লে. কর্নেল রোমিও নওরিন খান, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মিয়াজী।