এভাবেই খালেদার রাজনীতি শেষ হয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে বিএনপির নেত্রী খালেদা জিয়া কিছুই অর্জন করতে পারবেন না। দেশের জনগণ তাদের (বিএনপি) অপকর্মের জন্য ঘৃণা প্রকাশ করছে। এভাবেই তাঁর (খালেদা) রাজনীতি শেষ হয়ে যাবে।
মন্ত্রী গতকাল রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। মিঠাপুকুর ও গোবিন্দগঞ্জে অবরোধকারীদের হামলায় বাসে অগ্নিদগ্ধ তিন ব্যক্তি সেখানে চিকিৎসাধীন। বিকেলে তিনি গাইবান্ধার পলাশবাড়ী এসএম উচ্চবিদ্যালয় মাঠে ১৪ দলের নাশকতা ও সন্ত্রাসবিরোধী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
বার্ন ইউনিট পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ‘এদের (আহতরা) সবার মুখসহ শরীর ঝলসে গেছে। এটা কি কোনো রাজনীতি হলো? যেসব গরিব মানুষ কাজের সন্ধানে বাসে চড়ে যাচ্ছিল, তাদের পেট্রলবোমা মেরে হত্যা করা হচ্ছে। অগ্নিদগ্ধ করা হচ্ছে।’ তিনি বলেন, ‘তারা মানুষ পুড়িয়ে মারছে। এটাই এখন বিএনপির রাজনীতি।’
হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান, সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ, জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ, হাসপাতালের পরিচালক আবদুল কাদের খান, মেডিকেল কলেজের অধ্যক্ষ জাকির হোসেনসহ চিকিৎসকেরা।
পরিদর্শনের পর চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। এ সভায় রংপুর মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দেন তিনি।
গাইবান্ধার জনসভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। আপনারা স্থানীয় সাংসদের নেতৃত্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। পাড়া-মহল্লায় ১৪ দলের উদ্যোগে নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করুন। খালেদা জিয়া সরকারে থাকতে সারের জন্য গাইবান্ধার কৃষকদের জীবন দিতে হয়েছে।’