এমন কিছু বলবেন না, যাতে বিব্রত হতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর প্রতি ইঙ্গিত করে সরকার দলীয় জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘মন্ত্রীরা যে যে দলেরই থাকেন, তাঁদের আলাদা এজেন্ডা থাকতে পারে। তাঁরা যা ইচ্ছা বলতে পারেন। কিন্তু এমন কিছু বলবেন না, যাতে আমাদের বিব্রত হতে হয়।’
গতকাল জাতীয় সংসদে বাজেট আলোচনায় সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। তাঁর এই বক্তব্যের সময় প্রধানমন্ত্রী অধিবেশনকক্ষে ছিলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংসদে মন্ত্রীরা অনেকে অনেক কথা বলেন। প্রধানমন্ত্রী সংবিধান ও আইনের শাসনের প্রতি অনুগত। যেহেতু আপনারা মন্ত্রী, আপনাদের বক্তব্যের দায় প্রধানমন্ত্রীর ওপর বর্তায়। খালেদা জিয়ার বিচারে কী হবে। ২১ আগস্ট, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাঁর কী শাস্তি হবে, সেটা আদালত বুঝবে।’
প্রসংগত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংসদে বাজেট আলোচনায় বলেছিলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকবে না।
আর্থিক খাতের দুর্নীতি ও অনিয়মের প্রসঙ্গ তুলে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘পত্রিকায় দেখলাম, ৫৬ হাজার কোটি টাকা ব্যাংকের খেলাপি ঋণ। এর মধ্যে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে ২২ হাজার ৭২৩ কোটি টাকা। বাকিটা অন্যান্য ব্যাংকে। ইসলামী ব্যাংকে তো আরও বেশি। বেসিক ব্যাংক তো বেসিক হয়ে গেছে। এসব খেলাপি ঋণ আদায় করতে না পারলে বাজেট দিয়ে কী হবে? ৫৬ হাজার কোটি টাকা যদি খেলাপি ঋণ হয়, তাহলে আলাপী ঋণ কত?’ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আলাপী ঋণ কী বুঝছেন নাকি? আলাপী ঋণ হচ্ছে যেটা মেরে খাওয়া হয়েছে। খেলাপি ঋণের মধ্যেও নেই। ব্যাংকের জালিয়াতরা কি এতই শক্তিশালী যে বিচার করা যাবে না? আর্থিক শৃঙ্খলা ছাড়া কিছুই হবে না।’