এমন নির্বাচন বরিশালবাসী চায়নি: মজিবর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার। বরিশাল, ২৮ জুলাই। ছবি: প্রথম আলো
নগরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার। বরিশাল, ২৮ জুলাই। ছবি: প্রথম আলো

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার বলেছেন, বরিশালে আগে ঈদের খুশির মতো নির্বাচন হতো, এখন চোখের জলে নির্বাচন হচ্ছে। এমন নির্বাচন বরিশালবাসী চায়নি।

আজ শনিবার দুপুরে বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মজিবর রহমান সরওয়ার এ মন্তব্য করেন।

বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, এখনো সময় আছে, নির্বাচন কমিশন চাইলে বিএনপি নেতা-কর্মীদের ওপর চলা জুলুম-নির্যাতন বন্ধ করতে পারে। বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি ও হয়রানি করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশ অমান্য করে নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে নির্বাচন করা যায় না। এখনো সময় আছে, গ্রেপ্তার-হয়রানি বন্ধ করুন। বরিশালে এখনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।

গ্রেপ্তার-হয়রানির মতো পরিস্থিতি চলতে থাকলে আগামীকাল আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মজিবর রহমান। সেই সিদ্ধান্ত কি নির্বাচন বর্জন করা—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত কঠোরও হতে পারে।

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে মেয়র প্রার্থী মজিবর রহমান আরও বলেন, নির্বাচন কমিশনের আইন মানছে না আওয়ামী লীগ। মন্ত্রী পদমর্যাদার লোক বরিশালে অবস্থান করছেন। মোটরসাইকেলে মহড়া দেওয়া হচ্ছে। দলীয় প্রতীক নিয়ে মিছিল, শোডাউন করা হচ্ছে। আওয়ামী লীগ আচরণবিধি লঙ্ঘন করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব এবায়দুল হক, বিলকিস জাহান শিরিনসহ মহানগর বিএনপির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।