...এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে: ফখরুল
গণতন্ত্র মৃত্যুর দিকে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ কথা বুক ফুলিয়ে বলতে পারছি না যে আমরা স্বাধীন, আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি, আমার এখানে গণতন্ত্র আছে, আমার অধিকার আছে, আমার কথা বলার অধিকার আছে—এ কথা আমরা বলতে পারছি না। এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে।’
জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার সকালে অনুষ্ঠিত এক স্মরণসভায় এসব কথা বলেন ফখরুল। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মরণে এ সভার আয়োজন করা হয়। গত ৯ ডিসেম্বর মারা যান তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘লক্ষ করে দেখবেন আমাদের এখানে সবই আছে—সরকার আছে, বলা হয় গণতন্ত্র আছে, সংসদ আছে, ব্যুরোক্রেসি আছে, কিন্তু মানুষের অধিকার নেই।’
দাম্ভিকতা, অহংকার ও সাধারণ মানুষকে অবজ্ঞা—এটা এখন বিশ্বরাজনীতির অংশ হয়ে গেছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। তাঁর মতে, গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসনব্যবস্থা চলছে।
মির্জা ফখরুল বলেন, শাসক দলের সাধারণ সম্পাদক বলেছেন যে ভোট ডাকাতির বিএনপির রেকর্ড নাকি কেউ ভাঙতে পারবে না। উনি কি ভাঙতে চান? উনি এই জিনিসটি ভাঙতে চান বলেই তাঁরা ২০১৮ সালে চরম ভোট ডাকাতি করেছেন আগের রাতে। সরকারের বিরুদ্ধে নিপীড়ন–নির্যাতনের অভিযোগ এনে তিনি বলেন, খালেদা জিয়া বন্দী জীবনযাপন করছেন। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে এখানে মামলা, পাঁচ শতাধিক মানুষ গুম হয়ে গেছে। হাজারের ওপরে মানুষ খুন হয়েছে। সাংবাদিক যাঁরা সত্য কথা লেখেন, তাঁদের মধ্যে ১৫৭ জনের বিরুদ্ধে গত বছর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাহলে কোথায় গণতন্ত্র?
স্মরণসভার আয়োজক সংগঠন ‘চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ’–এর সভাপতি কবি আবদুল হাই শিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সহশিক্ষাবিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ প্রমুখ।