‘এর চেয়ে লজ্জার কিছু নেই’
নারীর সম্ভ্রম রক্ষার দাবিতে মানুষ রাজপথে নেমেছে, এর চেয়ে লজ্জার কিছু নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে না পারলে দেশ থেকে ধর্ষণ দূর করা সম্ভব নয়। উন্নয়নের সঙ্গে সুশাসন না থাকলে উন্নয়ন কর্মকাণ্ড অসাড় হয়ে যায়। তেমনি বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে না পারলে উন্নয়নও অর্থহীন হয়ে পড়ে।
আজ শুক্রবার সকালে জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জিয়াউদ্দিন বাবলু।
জাপার মহাসচিব বলেন, মানুষ উন্নয়নের সঙ্গে সুশাসন এবং আইনের শাসন চায়। বিএনপি উন্নয়নের নামে খাল কেটেছে, এখন আর তাদের সেই উন্নয়ন চোখে পড়ে না। ৯১ সালে ক্ষমতায় এসে বিএনপি উপজেলা ব্যবস্থা ভেঙে চুরমার করেছিল। বর্তমান আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থেকে দৃশ্যমান অনেক উন্নয়ন করলেও মানুষের শান্তি, স্বস্তি ও নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার, জাপার চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুল আলম, ভাইস চেয়ারম্যান হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইব্রাহিম খান প্রমুখ।