এরপর তো ডিসি নির্বাচন কমিশনারকে জেলে দেবে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ এখনই ইউএনওকে জেলে দিচ্ছে। এরপর তো ডিসি, নির্বাচন কমিশনারকেও জেলে দেবে। তাই সহায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে দলটিকে বাধ্য করতে হবে।’

গতকাল মঙ্গলবার সকালে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলে অনুষ্ঠিত দলীয় সদস্য সংগ্রহ অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারি খরচে হেলিকপ্টারে প্রচারণা চালাবে, আর বিএনপি নেতারা কোর্টের বারান্দায় দৌড়াবে, তা হবে না।

বিএনপির মহাসচিব বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া এ দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। এই লক্ষ্যে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি শক্তি বাড়াতে নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্য নবায়ন করছে।’ তিনি বলেন, ‘নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হলে কী হয়, তা জনগণ দেখেছে। বিগত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন মানুষ দেখেছে। আওয়ামী লীগ ভোট কেড়ে নেয়। প্রশাসনের সহায়তায় তাদের ভোট ডাকাতি প্রতিহত করতেই ভবিষ্যতে শেখ হাসিনার সরকারকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।’

মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক সাংসদ মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দলের সহসভাপতি সেলিমা রহমান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক, সাবেক সাংসদ আবুল হোসেন খান প্রমুখ।